প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ২১:৫২
জেলার তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলায় বহু প্রত্যাশিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণ প্রকল্প বাতিল ও স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা। উপজেলাবাসীর দাবি, এই প্রকল্প বন্ধ হলে দুই উপজেলার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের সুযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জানা যায় , ২০২৩ সালের ২৯ আগস্ট একনেক সভায় অনুমোদিত দেশের ৫০টি টিটিসি নির্মাণ প্রকল্পের চূড়ান্ত তালিকায় তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলাও অন্তর্ভুক্ত ছিল। তবে সম্প্রতি তাহিরপুর উপজেলার কেন্দ্র বাতিল করে জগন্নাথপুরে নির্মাণের জন্য নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগকে নতুন স্থানের জন্য ভবন নির্মাণ সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে এবং প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়েছে। এদিকে শান্তিগঞ্জে ভূমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম এগুলেও হঠাৎ করে থমকে গেছে নির্মাণ প্রক্রিয়া। ভবন নির্মাণের প্রশাসনিক অনুমোদন না পাওয়াায় কেন্দ্রটি আদৌ নির্মিত হবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানিয়েছে, তাহিরপুরে প্রশিক্ষণার্থী পাওয়া যাবে না এমন যুক্তি দেখিয়ে কেন্দ্রটি স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। বিষয়টি চাউর হলে এমন সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ।
তাহিরপুর উপজেলার সমাজসেবক আবুল হোসেন বলেন, তুচ্ছ কারণে আমাদের কেন্দ্র অন্যত্র নিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। নতুন করে যেখানে খুশি করুক, কিন্তু আমাদেরটা কেটে নেওয়া কেন?
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, বেকার তরুণদের ভাগ্য বদলের স্বপ্ন দেখা শুরু করেছিলাম। এখন শুনছি অন্যত্র নেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।
ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম বলেন, হাওর অঞ্চলের কথা চিন্তা করে প্রকল্পটি তাহিরপুরে বাস্তবায়ন হলে হাওর জানপদে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি।
শিক্ষক গোলাম সরোয়ার বলেন, এই দুইটি উপজেলায় টিটিসি না হলে বিদেশগামী কর্মীর সংখ্যা কমে যাবে এবং আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ হারাবে বেকার তরুণরা।
শান্তিগঞ্জের বাসিন্দা ও জেলা বিএনপির নেতা আনসার উদ্দিন বলেন, বেকারদের দক্ষ করে গড়ে তুলতে এসব কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিগঞ্জের কেন্দ্রটিও অবশ্যই নির্মাণ করতে হবে।
এদিকে প্রকল্প পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাহিরপুরে কেন্দ্রটি হবে না, এটি জগন্নাথপুরে বাস্তবায়িত হবে। শান্তিগঞ্জের ব্যাপারে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন