প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ২২:২৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের পাঁচটি আসনে প্রতিদিনই নির্বাচনী উত্তাপ বাড়ছে। বিএনপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে এ জেলার রাজনৈতিক অঙ্গন আরও সরব হয়ে উঠেছে। জেলার হাওর এলাকার গ্রাম হাট বাজার সহ সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নির্বাচন। এ জেলায় বিএনপি ও জামায়াত এ মুহূর্তে প্রচারণায় এগিয়ে থাকলেও ইসলামপন্থি দলগুলোর প্রচারণা তুলনামূলকভাবে একেবারেই কম। এছাড়া নতুন করে ৮—দলীয় জোটের সমীকরণ এ জেলার দুই একটি আসনে জটিলতা তৈরি হয়েছে।
জেলার এবার পাঁচটি আসনেই জামায়াতের প্রার্থীরা আগের তুলনায় সক্রিয়। অন্যদিকে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের স্বতন্ত্র লড়াই বিশেষ করে সুনামগঞ্জ—৩ ও সুনামগঞ্জ—৪ আসনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ভোটাররা বলছেন, দু—একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোটের হিসাব জটিল হতে পারে। তবে তারা জানিয়েছেন, শিক্ষিত, মার্জিত এবং কর্মীবান্ধব নেতাদের মধ্য থেকেই তাদের মূল্যবান ভোট দিয়ে এবার এমপি নির্বাচিত করবেন।
সুনামগঞ্জ—১ (তাহিরপুর—জামালগঞ্জ— মধ্যনগর ও ধর্মপাশা) আসন :
এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ—সম্পাদক আনিসুল হক। তিনি মনোনয় পাওয়ায় তাঁর বলয়ের দলীয় নেতা—কমীর্রা উজ্জিবীত। তিনি প্রতিদিন নির্বাচনী এলাকার হাট বাজারে ও গ্রামে গ্রামে উঠান বৈঠক সহ গণসংযোগ করছেন। এ প্রচারণায় তরুণ ও যুব ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অন্যদিকে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান পথসভা ও জনসংযোগ করছেন। এ আসনে ৮—দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের ডা. রফিকুল ইসলাম চৌধুরী, জমিয়তের মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সিপিবির চিত্তরঞ্জন তালুকদারের নাম শোনা গেলেও মাঠে তাদের তৎপরতা নেই বললেই চলে।
সুনামগঞ্জ—২ (দিরাই— শাল্লা) আসন :
এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। অশীতিপর এই রাজনীতিক শারিরিক অসুস্থ্যতা নিয়েও পথসভা এবং সভা করছেন। নাছির উদ্দিন চৌধুরী মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে একত্রিত রয়েছেন। এই আসনে জামায়াতের অপেক্ষাকৃত তরুণ প্রার্থী শিশির মনির ধারাবাহিক কর্মসূচি চালানোয় আলোচনায় এগিয়ে রয়েছেন। এ ছাড়া জমিয়তের মাওলানা শোয়াইব আহমদ মাঠে রয়েছেন।
সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসন :
এ আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ দলীয় প্রার্থী হয়ে প্রচারণায় রয়েছেন। তবে বিএনপির মনোনয়ন না পেয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখানে নতুন সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতের অ্যাড. ইয়াসীন খান, খেলাফত মজলিসের সাবেক এমপি অ্যাড. শাহীনুর পাশা চৌধুরী, ইসলামী আন্দোলনের মুফতি আব্দুল হাই এবং এবি পার্টিতে যোগদানকারী সৈয়দ তালহা প্রচারণা চালাচ্ছেন।
সুনামগঞ্জ—৪ ( সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুর) আসন:
এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা অ্যাড. নুরুল ইসলাম নুরুল। তিনি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। বিপুল সংখ্যক কর্মীবাহিনী তাঁর পক্ষে প্রচারণায় নেমেছে। অন্যদিকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয় সংগ্রহ করেছেন। জাকেরীনের প্রার্থীতায় বিএনপির ভোটব্যাংকে ভাঙন ধরবে কী—না এ নিয়ে আলোচনা আছে। জামায়াতের অ্যাড. শামস উদ্দীন, খেলাফত মজলিসের মুফতি তোফাজ্জল হক আজিজ, গণঅধিকার পরিষদের সওগাত উছমানী চৌধুরী, জমিয়তের মাওলানা মখলিছুর রহমান ও ইসলামী আন্দোলনের মুফতি শহীদুল ইসলাম পলাশীও প্রচারণায় রয়েছেন।
সুনামগঞ্জ—৫ (ছাতক— দোয়ারাবাজার) আসন :
এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন টানা প্রচারণায় ব্যস্থ সময় কাটাচ্ছেন। জামায়াতের আব্দুস সালাম আল মাদানী, জমিয়তের প্রবাসী নেতা নুরুল হক এবং ইসলামী আন্দোলনের আলী আকবর সিদ্দিকীও মাঠে রয়েছেন। এই আসনে জমেছে নির্বাচনী প্রচারণা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন