ডামি প্রার্থীর পক্ষ নেয়া মানে জুলাই বিপ্লবকে প্রত্যাখ্যান করা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৭

শেখ মুশতাক আহমেদ

সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ উপজেলা) আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমেদ বলেছেন, জুলাই—আগস্টে বিপ্লবের মাধ্যমে দুই দশকের কর্তৃত্বপরায়ণ বা শাষকের অবসান ঘটিয়েছিল। কিন্তু বিপ্লবের অর্জনকে অবমূল্যায়ন করা হয়েছে, এজন্য দেশ এবং জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। জুলাই—আগস্টের বিপ্লব মাত্র পনেরো মাস গত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখনও সেই বিপ্লবের কথা, রক্তে রঞ্জিত রাজপথের কথা আমরা ভুলিনি। যেখানে কয়েক হাজার মানুষ জীবন দিয়েছে, ৬৫ হাজার মানুষ আহত হয়েছে। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। 


সম্প্রতি কেএস ব্রিকস ও মোবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবর’র বিশেষ আয়োজন ‘চল যাই ভোটে’ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, বিপ্লবে যারা বিরোধিতা করেছেন, এই বিপ্লবের আগে যারা সুবিধা নিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের বিষয়ে সুনামগঞ্জ—৩ আসনের মানুষ সচেতন রয়েছেন। মানুষকে বোকা ভাবলে আর আমরা অতীতে এমপি হয়েছিলাম— এই বুলি আওড়াইলে সচেতন নাগরিকগণ সহজেই সবকিছু ভুলে যাবে না। জনগণের প্রত্যাশা হলো যিনি ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে প্রার্থী হননি, বিগত জুলাই—আগস্টের বিপ্লবে অংশগ্রহণ করেছিল, বিপ্লবের পক্ষের একজন লোক ৮ দলীয় জোটের প্রার্থী হবেন। আমরা বিশ্বাস করি ৮ দলীয় হাইকমান্ড সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। আর যদি ৮ দলীয় হাইকমান্ড সেই প্রত্যাশার প্রতিফলন না ঘটায়, মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বসে আছি।


তিনি বলেন, আমাদের নীতিগত সিদ্ধান্ত হলো, বিগত নির্বাচনে অর্থাৎ ২৪ সালের নির্বাচনে যারা ডামি প্রার্থী হয়েছেন তাদের পক্ষ নেওয়া মানেই হলো জুলাই বিপ্লবকে প্রত্যাখ্যান করা। কারণ আমাদের ভাই—বোনেরা জুলাই—আগস্টে বিপ্লব সফল করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছে। 

 


এলাকার উন্নয়নে কি পরিকল্পনা রয়েছে আপনার— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সমাজ, এই রাষ্ট্রের সামাজিক নিরাপত্তার বলয় তৈরি করতে চাই। আমি এমন একটা সমাজ এবং এমন একটা রাষ্ট্র চাই— যেখানে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যম আয়ের মানুষ যখন চাকুরীহারা হলেও বাসস্থান—সুচিকিৎসা—শিক্ষার একটা ব্যবস্থা থাকবে। এগুলো বাস্তবায়ন করতে পারলে উন্নত বিশ্বের মতো আমরাও একটি সুখী এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার