সবজি বাজার

ভাঙাচোরা ঘাটে ময়লার স্তূপ

প্রকাশিত: ০৪ জানুয়ারি, ২০২৬ ২২:৪৩

সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড এলাকার সুরমা নদীর তীরে অবস্থিত একমাত্র পাইকারি সবজি বাজার। এই সবজি বাজারে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর এবং জামালগঞ্জ উপজেলার উৎপাদিত  শীতকালীন এবং গ্রীষ্মকালীন সবজি কৃষকরা এবং পাইকাররা নৌকায় করে নিয়ে আসেন। জেলার বিভিন্ন উপজেলার পাইকাররা এখান থেকেই সবজি ক্রয় করে বিভিন্ন বাজারে বিক্রয় করেন। 
শহরের এই সবজি বাজার হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের একমাত্র ভরসাস্থল। কিন্তু নদীর পাড়ে ভালো ঘাট না থাকায় মালামাল ওঠানো ও নামানোয় চরম সমস্যায় পড়তে হয় ব্যবসায়ী, কৃষক এবং শ্রমিকদের। মালামাল ওঠা-নামার সময় মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হতে হয় শ্রমিকদের। বাজারে জরুরি ভিত্তিতে ঘাট নির্মাণ জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 


সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের জেল রোড এলাকার সুরমা নদীর তীরে পাইকারি সবজি বাজারে যে ঘাট দিয়ে মালামাল ওঠানো-নামানো হয়, সেই ঘাটটি একেবারেই ভাঙাচোরা অবস্থায় আছে। ঘাটের উপরে এবং চারপাশে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধ বের হয়ে চারদিকের পরিবেশ নষ্ট হচ্ছে।  


দিনমজুর মো. কুদ্দুস মিয়া বলেন, আমি পাইকারি সবজি বাজারে নিয়মিত কাজ করি। নৌকা থেকে মাল ওঠা-নামার কাজ করতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে হাত-পায়ে আঘাত পাই। ঘাটের অবস্থা খুবই খারাপ। একদিকে ময়লার স্তূপ, অন্যদিকে ঘাটের বেহাল অবস্থা। এই ঘাটটি মেরামত করা জরুরি।

 


শ্রমিক নুরুল আমিন বলেন, সবজি বাজারের ঘাটটি বছরের পর বছর ধরেই খারাপ অবস্থায় আছে। আমরা মালামাল নিয়ে ওঠা-নামা করতে পারি না। মাথায় বস্তা নিয়ে বাজারে উঠলে কষ্ট হয়। এক্সিডেন্ট করার ভয় থাকে। প্রায়ই কেউ না কেউ এই ঘাটটিতে মালামাল আনা-নেওয়ার সময় পা পিছলে পড়ে যায়। কখন যে বড় ধরনের দুর্ঘটনার শিকার হই- একমাত্র আল্লাহ জানেন। এই ঘাটটি মেরামত করে দিলে একটু স্বস্তি পেতাম।


জীবন চন্দ্র দাস বলেন, ঘাটটির অবস্থাও ভালো না। ঘাটের মধ্যে ময়লা আবর্জনা ফেলে রাখে। বাজারে সবজি ওঠানো-নামানোর সময় আমরা খুবই সমস্যায় পড়ি। বাজারের কমিটির কাছে আমরা বলেছি, কোনো উদ্যোগ নেয় না তারা। 

 


সদর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃষক নাজিম উদ্দীন হাওলাদার বলেন, আমরা সবজি বাজারে নিয়মিত মালামাল নিয়ে আসি এবং বিক্রয় করি। নৌকায় করে আমাদের সবজিগুলো নিয়ে আসতে হয় এবং এই ঘাট দিয়েই মালামাল উঠাতে হয়।  ঘাটের বেহাল অবস্থার কারণে লেবাররা মালামাল তোলার সময় কারও হাত ভাঙে, কারও পা ভাঙে। অনেকে মাথায়ও আঘাত পায়। দীর্ঘদিন ধরে এমন বেহাল দশা। এই ঘাটটি পৌরসভার কর্তৃপক্ষ দ্রুত ঠিক করে দিলে খুবই উপকার হতো।

 


কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির মিয়া বলেন, পাইকারি সবজি বাজারে বিভিন্ন এলাকার কৃষকেরা তাদের কষ্টার্জিত সবজি বিক্রি করতে নৌকায় নিয়ে আসেন। বাজারের ঘাটের সুব্যবস্থা নাই। মালামাল ওঠা-নামায় খুব কষ্ট করতে হয়। মাঝে মধ্যে এক্সিডেন্ট হয়। পৌর কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি, দ্রুত সবজি বাজারে ঘাটের ব্যবস্থা করে দিন।
সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, পাইকারি সবজি বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করে দেওয়া হবে এবং জরুরি ভিত্তিতে ঘাটের সুব্যবস্থাও করা হবে। তিনি বলেন, বাজারের ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার