ইসিতে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

প্রকাশিত: ০৭ জানুয়ারি, ২০২৬ ২২:২৫

সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ইচ্ছাকৃত অসহযোগিতার অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ।


মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর ই-মেইলে তিনি অভিযোগ করেন। 
অভিযোগপত্রে হোসাইন আহমেদ উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শতকরা ১ ভাগ ভোটারের সমর্থন তালিকায় দৈবচয়নের মাধ্যমে যাচাইয়ে অসঙ্গতির অভিযোগে আমার মনোনয়ন বাতিল করা হয়। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আমি বাতিল আদেশের সার্টিফাইড কপি চাইলে তা প্রদান করা হয়। কিন্তু আদেশে শুধুমাত্র অসঙ্গতিপূর্ণ ক্রমিক নম্বর উল্লেখ আছে। ভোটারের তথ্য (নাম, ঠিকানা, ভোটার নম্বর) সাক্ষরের সত্যতা বা যাচাই রিপোর্ট উল্লেখ করা হয় নি। এটি আপিলে আইনি যুক্তি উপস্থাপন এবং আইনি পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট নয়।  

 


অভিযোগপত্রে আরো বলা হয়, আমার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেনের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো সহযোগিতা পাই নি। তাদের শতকরা ১ ভাগ ভোটার সমর্থন তালিকা, যাচাই রিপোর্ট বা বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়াও স্বতন্ত্র চারজন প্রার্থীর মধ্যে সকল প্রার্থীর যাচাই-বাছাই আদেশ ঘোষণার সময় বাতিলকৃত প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটার সমর্থন যাচাইয়ের দৈবচয়ন পদ্ধতির প্রয়োগের কথা স্পষ্টভাবে বলা হলেও বৈধ ঘোষিত একমাত্র স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের ক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতি প্রয়োগের বিষয়ে কোনো শব্দও প্রকাশ করা হয় নি বলে অভিযোগে দাবি করা হয়।

 


এছাড়া তাঁর আপিল প্রস্তুতিকে বিলম্বিত করা হয়েছে, যা ইচ্ছাকৃত বলে দাবি করেন তিনি। 
অভিযোগ আমলে নিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে তাঁর সকল আবেদন গ্রহণের আদেশ প্রদানে সিইসির প্রতি দাবি জানান হোসাইন আহমেদ। 


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বললেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের সমর্থন করা ভোটারের মধ্যে কমপক্ষে দশজন ভোটারের স্বাক্ষরসহ তথ্য যাচাই-বাছাই করতে হয়। হোসাইন আহমেদের ক্ষেত্রে সাত থেকে আটজন ভোটার বলেছেন, তারা স্বাক্ষর দেন নি। এক্ষেত্রে তাঁর মনোনয়ন বাতিল করা ছাড়া কোন উপায় ছিল না। তাঁকে কোন বিষয়েই ইচ্ছাকৃত অসহযোগিতা করা হয় নি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার