আগামী নির্বাচনে দুই কর্তৃপক্ষের সহযোগিতা চাইলেন মান্নান

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৩ ১৬:২৭

নৌকা উঁচু করে ধরে আছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, স্রষ্টা দেবেন আয়ু আর আপনারা দেবেন কাজ করার সুযোগ। এই দুই কর্তপক্ষ। উপরওয়ালা আয়ু দেবেন, শক্তি দেবে আর নিচে লক্ষ লক্ষ কর্তৃপক্ষ (মানুষ) উৎসাহ দেবেন। তাহলে আমি কাজ করতে পারবো।


রোববার (৫ নভেম্বর) বেলা ১১ টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ’এর একাডেমিক ভবনে পাঠদান শুরু’র কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।


তিনি বলেন, অনেক ত্রুটি আমার আছে। আমি স্বীকার করি। সার্বিক কাজের মূল্যায়নে যদি আমি পাস করে থাকি, ভুল ত্রুটি মানুষ যদি ক্ষমা করে আবারও সুযোগ করে দেয়, আগামী নির্বাচনে মানুষ যদি স্নেহ করে, আমার বাপ-ভাই, মা-বোন তাহলে বাকী কাজগুলো আমি করতে পারবো। 


মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটা যুগসন্ধিক্ষণের মধ্যে আছে। বাংলাদেশ সামনে যাবে নাকি থেমে যাবে, এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে নিতে হবে। বাংলাদেশ কী নিজের পায়ে নিজে কুড়াল মারবে? হরতাল ঘেরাও, বিনাশি কাজ, আগুন, গরীব মানুষের জীবনে সামান্য যে সুযোগ এনেছিলো সেটা কী ধ্বংস করে দিবে, নাকি আমরা সামনে এগিয়ে যাবো? 

নির্বাচনী পরিবেশ নিয়ে মান্নান আরও বলেন, নির্বাচনের নব্বই দিনেরও বেশি এখনো বাকি, নির্বাচনী পরিবেশের ৮০ থেকে নব্বই ভাগ ইতিমধ্যে তৈরি হয়েছে, নির্বাচন যতই ঘনিয়ে আসবে পরিবেশ আরও ভালো হতে থাকবে।
দ্রব্যমূলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দেশে বড় বড় মেঘা প্রকল্প হওয়ায় নতুন নতুন ভোক্তা তৈরি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। সব মিলিয়ে বাজার’র বর্তমান যে অবস্থা আছে, সেটিও আগামী অগ্রহায়ণের পর থাকবে না। অগ্রহায়ণের ধান উঠলে বাজার স্থিতিশীল হবে।


পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রায় ১১ শ’ কোটি টাকা ব্যয়ে হাওরের পাড়ে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে সুনামগঞ্জবাসীর আকাঙ্খিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ক্যাম্পাস তৈরি হচ্ছে। এই ক্যাম্পাসের একাডেমিক ভবনের কাজ শেষ হওয়ায় অস্থায়ী ক্যাম্পাস থেকে এই ভবনে পাঠদান কার্যক্রম সরিয়ে আনা হবে। এই দিনে অন্যদের সঙ্গে আমিও আবেগ তাড়িত। তিনি এজন্য সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে ফিতা কেটে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি।

পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার। সহযোগী অধ্যাপক ডা. বিনা পানি দাসের সঞ্চানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য আবু নঈম শেখ, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)’এর মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ্, সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ’এর প্রকল্প পরিচালক ডা. শামছুদ্দিন আহমদ প্রমুখ। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার