প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬ ২২:০০
সুনামগঞ্জ-১ আসন
নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই সুনামগঞ্জ-১ আসনে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। নিজের দলের নেতাকর্মী এবং শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি গ্রাম-গঞ্জ ও হাট-বাজারে চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি।
অন্যদিকে, নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠলেও জোটের অভ্যন্তরীণ কোন্দলে সাধারণ ভোটারদের মাঝে চরম বিভ্রান্তি দেখা দিয়েছে। ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে থেকে গেছেন নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থী। ফলে জোটের ভোট ভাগাভাগির শঙ্কায় পড়েছেন কর্মী-সমর্থকরা।
নির্বাচনী সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী মুখলেছুর রহমান তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিলেও বিপত্তি বেঁধেছে জামায়াতে ইসলামীকে নিয়ে। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে একক প্রার্থী হিসেবে নেজামে ইসলাম পার্টির সহকারী মহাসচিব মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদারের (বই প্রতীক) নির্বাচন করার কথা। কিন্তু জোটের অন্যতম বৃহৎ শরিক দল জামায়াতের প্রার্থী তোফায়েল আহমদ খান (দাঁড়িপাল্লা প্রতীক) মনোনয়ন প্রত্যাহার না করে পূর্ণোদ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী এলাকাজুড়ে তাঁর বিপূল সংখ্যক কর্মী সমর্থকও রয়েছে। প্রচারণা শুরু’র দিন নির্বাচনী এলাকার বাজারে বাজারে তাঁর পক্ষে দাড়িপাল্লার প্রচার মিছিল হয়েছে।
শনিবার দুপুরে বাদাঘাট বাজারে গিয়ে দেখা যায় ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয় সাধারণ ভোটাররা জানান, তারা জানতেন জামায়াতসহ ১০টি দল মিলে জোট গঠন করেছে এবং সেখান থেকে একজনকে সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু এখন মাঠে দুই প্রতীকের প্রচারণা দেখে তারা দ্বিধায় পড়েছেন।
প্রচার সভায় জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান বলেন, ৫ই আগস্টের পর থেকেই আমি মানুষের ঘরে ঘরে, জনে জনে, সকল জায়গায় ব্যক্তির কাছে, প্রতিষ্ঠানের কাছে যাচ্ছি। কিন্তু এর পরেও আমার ভোটারদের মাঝে ধোঁয়াশা তৈরির চেষ্টা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সব বাধা দূর হয়েছে। আমরা মানুষের সেবক হিসেবে দাঁড়িপাল্লা নিয়ে মাঠে ছিলাম এবং আছি। আগামী ১২ তারিখ ইনশাআল্লাহ জয় নিয়ে ফিরব।
অন্যদিকে, জোটের মনোনীত একক প্রার্থী দাবি করে নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বলেন, সুনামগঞ্জ-১ আসনে ১০ দলীয় জোটের একমাত্র বৈধ প্রার্থী আমি। জামায়াত প্রার্থী কৌশলগত কারণে মনোনয়ন প্রত্যাহার করেন নি, যা ভোটারদের বিভ্রান্ত করছে। জোট আমাকে প্রচারণা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং আমিই জোটের একক প্রতিনিধিত্ব করছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন