প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:১৮
সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ অংশ
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চারলেন প্রকল্পে বদলে যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলা সদরের ২ কিলোমিটার সড়ক। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৪০ ভাগ কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান । প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীও আনন্দিত। তারা বলছেন, আমরা চাই সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কটির ৬০ কিলোমিটার চারলেন হোক।
জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা ব্যয় ধরে সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে প্রকল্পের কাজ পায় এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। গত বছরের অক্টোবর মাস থেকে প্রকল্পের কাজ তারা শুরু করে। আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারের পূর্ব অংশে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ব্যাপক কর্মযজ্ঞ চালছে। এরই মধ্যে প্রায় ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সড়কটির টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে থেকে উজানীগাঁও শিল্প ও কারিগরী সহায়তা কেন্দ্র (বিটাক) এর সামনে পর্যন্ত ২ কিলোমিটার সড়ক ২ লেন থেকে ৪ লেনে উন্নীত করা হবে। এরমধ্যে সড়কের শান্তিগঞ্জ বাজারের পূর্ব অংশের দক্ষিণ পাশ থেকে শান্তিগঞ্জ কার্প হ্যাচারী পর্যন্ত ২ লেনের ঢালাই সম্পন্ন হয়েছে। এই অংশের উত্তর পাশেও চলছে মাটি ও ড্রেসিং এর কাজ। দ্রুত গতিতেই অগ্রসর হচ্ছে প্রকল্পটি। তবে সড়কের পাশে থাকা গাছ ও বিদ্যুতের পিলার থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। গাছ ও বিদ্যুতের পিলার অপসারণ করা হলে কাজের গতি আরও বৃদ্ধি পাবে।
এলাকাবাসী ও শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, এই সড়কটি ছোট থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়তে হতো যাত্রীদের। সড়ক দুর্ঘটনার কারণে ডেঞ্জার সড়ক হিসেবে পরিচিত এই এলাকা। অনেক মানুষ বিগত দিনে মারা গেছেন সড়কে। সড়কটি ৪ লেন হওয়ার পর এখানে সড়ক দুর্ঘটনা কমে আসবে। পাশাপাশি আমাদের এই এলাকায় অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। সবার চলাচল নিরাপদ হবে। আমাদের প্রত্যাশা সিলেট-সুনামগঞ্জ সড়কের ৬০ কি.মি ৪ লেন হবে।
সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখ আব্দুল লতিফ জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও প্রশাসনিক ভবন এই এলাকায় থাকায় ৪ লেন প্রকল্পটি আমাদের জন্য আশীর্বাদ। এই এলাকায় অনেক দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র সড়কটি ছোট থাকার কারণে। এখন সড়কটি ৪ লেন করা হচ্ছে। প্রকল্পের কাজ সঠিক মতো বাস্তবায়ন করলে এর সুফল পাবে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এই এলাকার মানুষ।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ জানান, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ বাজার এলাকার পূর্ব-পশ্চিম অংশে সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সাভির্স, শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), টেক্সটাইল ইনস্টিটিউট, আব্দুল মজিদ কলেজ, শান্তিগঞ্জ থানা ভবন, শান্তিগঞ্জ প্রেসক্লাব, মুক্তিযুদ্ধা কমপ্লেক্স, শান্তিগঞ্জ কার্প হ্যাচারী সহ সরকারি বেসরকারী অনেক প্রতিষ্ঠানের ভবন আছে। প্রতিদিন এখানে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এই প্রকল্পটি এই প্রতিষ্ঠানগুলো ও এলাকাবাসীর জন্য আশীর্বাদ। আমরা চাই প্রকল্পের কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান জানান, যথাযত ভাবে নিয়ম ও ওয়ার্ক ওর্ডার অনুযায়ী কাজ চলছে ।
সুনামগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ সহকারী প্রকৌশলী আতাউর রহমান জানান, এই কাজটি খুবই নান্দনিক ও দৃষ্টিনন্দন। আমরা নিয়মিত তদারকি করছি। কাজের মান খুবই ভালো। সড়কটি বাস্তবায়ন হলে এই ২ কিলোমিটার সড়কে দুর্ঘটনা কমে আসবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন