প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৪৬
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দীরা। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন তারা। প্রথমবারের মতো ভোটের সুযোগ পেয়ে মিস করেননি সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা বন্দীরা।
কারাসূত্র অনুযায়ী, বর্তমানে সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন ৮৫৭ জন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আগ্রহী ৬০ জন কারাবন্দী আবেদন করেছিলেন পোস্টাল ভোটের জন্য। তার মধ্যে ৮ জন্য নিবন্ধনের আগে বের হয়ে যাওয়ায় চূড়ান্ত নিবন্ধন হয় ৫২ জনের। এবারই প্রথমবারের মতো ভোট দিবেন এই ৫২ কারাবন্দী। ইতোমধ্যে কারাগারে যাদের পোস্টাল ব্যালট এসেছে তাদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ভোট দিয়েছেন ১৮ কারাবন্দী। বাকিদের ব্যালট এসে কারাগারে পৌছালে তাদের ভোটও নেয়া হবে।
জেল সুপার মো মাইন উদ্দিন ভূইয়া বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোট দিতে আগ্রহী কারাবন্দীরা আবেদন করেছেন। অনেকে আবেদন করেন নি, কারণ আবেদন করার পর জামিনে বের হয়ে গেলে তারা আর ভোট দিতে পারবেন না। নির্ধারিত দিনের আগে যে সকল পোস্টাল ব্যালট এসে কারাগারে পৌঁছাবে আমরা তাদের ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিবো। নির্বাচন কমিশন আসন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠাবেন।
যে প্রক্রিয়ায় ভোট দিবেন কারাবন্দীরা
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কারাবন্দীরা ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে। তার আগে তারা সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ব্যালেটের নিবন্ধন সম্পন্ন করবেন। যা ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত ভোটারদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট আসবে কারা কর্তৃপক্ষের কাছে। কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে গোপন ভোটকক্ষ স্থাপন করবেন। কারা অভ্যন্তর থেকে ভোট গ্রহণের জন্য ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ থাকবেন। কারাগারের ভেতরে নির্ধারিত সময়ে এসে গোপন কক্ষে ভোট প্রয়োগ করে খাম সীল করে জমা দিবেন ভোট গ্রহণ কর্মকর্তার কাছে। ভোট গ্রহণ কর্মকর্তার ভোট গ্রহণ সম্পন্ন হলে পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনে ডাক যোগে পাঠাবেন। পরে নির্বাচন কমিশন স্ব স্ব আসনের রিটার্নিং অফিসার বরাবর ভোট গণনার জন্য প্রেরণ করবেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন