প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:১৫
সু.খবর ছবি
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের পক্ষে সহধর্মিণী হেলি খানমের ব্যতিক্রমী প্রচারণায় বিশেষ দৃষ্টি কাড়ছে। চারটি উপজেলা নিয়ে গঠিত এ আসনটি এবং জেলার পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে বড়। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই আসনে রয়েছে বালু, পাথর ও গুরুত্বপূর্ণ জলমহাল। পাশাপাশি পূর্বাঞ্চলের বড়ছড়া, ছাড়াগাঁও ও বাগলী কয়লা শুল্ক স্টেশনও এ আসনের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্বের কারণে বরাবরের মতো এবারও এই আসনে প্রার্থীদের আগ্রহ বেশি।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ১৭১ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৪১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।
প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে প্রচারণায় হেলি খানমের সরাসরি অংশগ্রহণ। লন্ডন প্রবাসী হলেও তিনি দেশে ফিরে স্বামীর পক্ষে নিয়মিত গণসংযোগে করছেন। বিশেষ করে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক, ঘরোয়া সভা ও মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। নারী কর্মীদের নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে যাচ্ছেন তিনি।
শনিবার সকাল থেকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ, ঘাগটিয়া, বাদাঘাট বাজার, পাতারগাঁও চক বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন হেলি খানম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাখাব উদ্দিন, নজরুল ইসলাম সিকদার, চাঁন মিয়া মাস্টার, আজিজুল ইসলাম, হারুন উর রশিদ, আবুল কালাম, সারোয়ার ইবনে গিয়াস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হেলি খানম বলেন, লন্ডনে অবস্থান করলেও অনলাইনের মাধ্যমে সব সময় এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন দেখেছি। এখন সরাসরি মানুষের কাছে এসে সেই ভালোবাসা আরও গভীরভাবে অনুভব করছি। একজন গৃহবধূ হিসেবে মানুষের সঙ্গে মিশে তাদের কথা জানার সুযোগ হয়েছে। আমার স্বামী নির্বাচিত হলে তার পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করতে চাই। তিনি বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও ব্যাপক সাড়া পাচ্ছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন