কম খরচে বেশি লাভ

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬ ২২:২৬

দূর থেকে তাকালে যে দিকে দুই চোখ যায় দেখা যায় শুধু সবুজ আর সবুজ। কাছাকাছি যাওয়ার পর দেখা গেলো বাদাম খেতের হাতছানি। সুনামগঞ্জের কিছু কিছু উঁচু ভূমি জুড়েই বিস্তীর্ণ এলাকায় বাদাম চাষ হচ্ছে। জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, সদর  উপজেলা সহ ১২টি উপজেলার উঁচু এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ। বিস্তীর্ণ হাওরাঞ্চলের বাদাম গাছ সবুজ পাতায় দোল খাচ্ছে। অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো চাষাবাদের পাশাপাশি অন্যান্য লাভজনক ফসল চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা। একইভাবে বাদাম চাষে লাভ বেশি ও বাজারে ভালো চাহিদা থাকায় দিন দিন আগ্রহ বাড়ছে বাদাম চাষে।

 


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৮৬৫ হেক্টর।  অর্জিত হয়েছে ১,৮৭৬ হেক্টর।  যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 
সরেজমিনে দেখা যায়, তাহিরপুর এবং বিশ্বম্ভরপুর উপজেলার কিছু উঁচু এলাকায় বাদাম চাষ করছেন কৃষকেরা। সবচেয়ে বেশি পরিমাণে বাদাম চাষে ঝুঁকছেন তাহিরপুর উপজেলার কৃষকেরা। এই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর তাহিরপুর উপজেলায় ১৪,৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১৪১০ হেক্টর অর্জন হয়েছে। পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর বিশ্বম্ভরপুর উপজেলায় ৭৬ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও জামালগঞ্জে ৫০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হয়েছে। দোয়ারাবাজার উপজেলায় ২২০  হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং অর্জন হয়েছে ২৮০ হেক্টর। সদর উপজেলায় ৮৬ হেক্টর, ছাতক উপজেলায় ২২ হেক্টর, শান্তিগঞ্জ উপজেলায়  ১ হেক্টর, জগন্নাথপুর উপজেলায়  ১০ হেক্টর, দিরাই উপজেলায় ৫ হেক্টর, ধর্মপাশা উপজেলায় ১৫ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 


তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরি গ্রামের সুভাষ মিয়া বলেন, গত বছর ৬ কেয়ার জমিতে বাদাম চাষে লাভবান হয়েছি। এ বছরও ৭ কেয়ার জমিতে বাদাম চাষ করেছি। এই মুহূর্তে বৃষ্টি হলে খুবই ভালো হতো। বৃষ্টি না হওয়ায় বাদামের চারা বাড়ছে না।  এটা নিয়ে চিন্তায় আছেন তিনি।  


বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের উমরপুর গ্রামের আলীনুর বলেন, এ বছর তিনি ৮ কেয়ার জমিতে বাদাম চাষ করেছেন।  চাষাবাদে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে।  আবহাওয়া অনুকূলে থাকলে ২ লক্ষ টাকা লাভের আশা করছেন তিনি।  

 


তিনি বলেন, কৃষি অফিস থেকে গত বছর কিছু সহযোগিতা পেলেও এবছর কৃষি অফিসের কেউ তাকে সহযোগিতা দূরের কথা, খোঁজখব পর্যন্ত নেয় নি।  
একই গ্রামের শফিকুল ইসলাম। তিনিও এ বছর ৮ কেয়ার জমিতে বাদাম চাষ করেছেন। ক্ষেতে নিড়ানির কাজ করছেন তিনি।  জানতে চাইলে তিনি বলেন,  বাদাম চাষে লাভবান হয়েছেন তিনি। এ বছরও লাভের আশা করছেন । তার বাদাম চাষাবাদে অনেক শ্রমিকেরা কাজ করে জীবিকা নির্বাহ করছেন। শুধু শফিকুল ইসলাম, আলীনুর নয়, জেলার ১২ টি উপজেলার মধ্যে ১১ টি উপজেলায় বাদাম চাষাবাদে অনেক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।  হাওরাঞ্চলে বোরো চাষাবাদ শেষে অনেকেই বেকার হয়ে পড়েন। বাদাম চাষে দৈনিক ৬০০ টাকা রোজে কাজ করে জীবিকা নির্বাহ করার সুযোগ পান শ্রমিকেরা।


দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের উমরপুর গ্রামের নুরুল মিয়া বাদাম ক্ষেতে নিড়ানির কাজ করছেন। জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেকেই এই সময়টাতে বেকার থাকি। বাদাম ক্ষেতে কাজের সুযোগ হওয়ায় উপকৃত হয়েছি ৬০০ টাকা রোজে কাজ করছি। 

 


নুরুল মিয়ার মতো অনেক শ্রমিক এই সময়টাতে বাদাম ক্ষেতে কাজের সুযোগ হওয়ায় তারা জীবিকা নির্বাহ করে পরিবার পরিজন নিয়ে চলতে পারছেন। 
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,  তাহিরপুর উপজেলায় অনেক আগে থেকেই চিনা বাদাম চাষ করে থাকেন কৃষকেরা।  এ বছর বাদাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪,৫০০ হেক্টর । এরমধ্যে  ১,৪১০ হেক্টর অর্জন হয়েছে। কৃষি অফিস থেকে যথাযথভাবে সুপরামর্শ এবং সহযোগিতা করে আসছি।

 


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, সুনামগঞ্জ হচ্ছে হাওর অধ্যুষিত জেলা। এই জেলার প্রধান ফসল হচ্ছে ধান। এছাড়াও অন্যান্য ফসল উৎপাদনেও এই এলাকার কৃষকেরা ঝুঁকছেন।  এরমধ্যে বাদাম হচ্ছে অন্যতম। এর কারণ হচ্ছে বাদাম হচ্ছে লাভজনক একটি ফসল। যে কারণে ক্রমাগত বাদাম চাষ বৃদ্ধি পাচ্ছে।  গত বছরের তুলনায় এ বছরও বাদাম চাষ বেড়েছে।  এ বছর জেলার ১১ টি উপজেলায় বাদাম চাষ করেছেন কৃষকেরা।  আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮৬৫  হেক্টর।  এরমধ্যে অর্জন হয়েছে ১৮৭৬ হেক্টর।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার