আলিবুন নেছা সফল যাত্রা, সঙ্গী স্বামী মুহিবুর

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬ ২১:৫৫

লাউ, বেগুন, পেঁয়াজ, সরিষা, বাদাম সহ নানাজাতের সবজি এবং বোরো ধান চাষাবাদে সাফল্য পেয়েছেন নারী উদ্যোক্তা আলিবুন নেছা। এক সাথে সবজি এবং বোরো ধান চাষাবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এক নারীর স্বপ্ন, সাহস আর পরিশ্রমেরই সফল প্রতিফলন। আলিবুন নেছা শান্তিগঞ্জ পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের মুহিবুর রহমানের সহধর্মিণী। চার বছর আগে থেকেই স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে নদীর তীরবর্তী পতিত জমিতেই শুরু হয় তার স্বপ্নযাত্রা। নানা ধরনের সবজি ও ধান চাষ করে প্রতিবারই লাভবান হয়েছেন তিনি। 

 


সরেজমিনে গিয়ে দেখা যায়, লাউ বাগানে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আলিবুন নেছা। এসময় আলিবুননেছা বলেন, আমি সাড়ে চার কেয়ার  জমিতে  সবজি চাষ  করি। এরমধ্যে লাউ, বেগুন, ধনিয়াপাতা, পেঁয়াজ, গম, মরিচ, সরিষা চাষ করেছি। ইতোমধ্যে পেঁয়াজ এবং সরিষা তোলা হয়েছে। ১৮ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেছি। সরিষা খলায় রাখা আছে, ভাঙ্গানো হবে। লাউ, বেগুন বিক্রি হচ্ছে, নিজেও খাই। সবজি চাষে কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা শ্রাবন্তী ম্যাডাম আমাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করেন।  আমরা তার পরামর্শে চাষাবাদে আগ্রহ পাই। সার, ওষুধ ও নিয়মিত পরিচর্যার ফলে লাভ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বছর শেষে দেড় লক্ষ টাকা লাভের আশা আছে। এছাড়াও ১৮ কেয়ার জমিতে বোরো ফসল করেছি। কৃষি অফিসের সহযোগিতায় ১০২, বিনা-৮৮, ৯৩ ধানের চারা রোপণ করা হয়েছে। ভালো ফলনের আশা করছি।  

 


তিনি বলেন, আমার চার মেয়ে এবং এক ছেলে সন্তান আছে। মেয়েরা সবাই পড়াশোনা করে। বড় ছেলেটাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে।  
লাউয়ের আডাডুগা কিনতে আসা গনিগঞ্জ গ্রামের মো. আমির উদ্দিন বলেন, আমি নিজে প্রায়ই এই নারী উদ্যোক্তার ক্ষেতে এসে বিভিন্ন সবজি সস্তায় কিনে থাকি। আজকে লাউয়ের আগাডুগা এমনিতেই নিচ্ছি, কোনো টাকা লাগছেনা। 

 


কৃষি উপসহকারী কর্মকর্তা শ্রাবন্তী রাণী দেব বলেন, আমার ব্লকে আলিবুন নেছা এবং আলেয়া বেগম কৃষি উদ্যোক্তা হিসেবে সবজি ও  আদা চাষ করেছেন। কৃষি অফিসের পক্ষ থেকে আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। গত বছরও আলিবুন নেছা বেশ লাভবান হয়েছেন, এ বছরও লাভবান হবেন বলে আশা করছি।

 


উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব বলেন, শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নারী কৃষি উদ্যোক্তা রয়েছে, এদের মধ্যে আলিবুন নেছা অন্যতম। তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা এবং উপজেলা কৃষি অফিস এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সুপরামর্শে নানা ধরণের সবজি, যেমন - লাউ, বেগুন, আদা সহ বোরো ধান চাষাবাদ করে বেশ লাভবান হয়েছেন। এ বছরও তিনি সবজি সহ বোরো ধান চাষাবাদ করেছেন। যার প্রেক্ষিতে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে তার মতো আরও অনেকেই চাষাবাদে ঝুঁকছেন। পাথারিয়া এলাকায় আলেয়া বেগম নামে আরও একজন নারী উদ্যোক্তা সবজি চাষ করেছেন। আমরা তাদেরকে সহযোগিতা করছি, এতে উপজেলায় কৃষির বিস্তার লাভ করেছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার