ঘর পাচ্ছে ফারজিনা, ব্যবস্থা  হচ্ছে পড়াশোনারও

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৩ ০৮:৩০

জেলা প্রশাসকের উদ্যোগ

শিশু শিল্পী ফারজিনা আক্তারের ঘর করে দেবার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এই শিশু শিল্পীর ঘর নির্মাণে আর্থিক সহায়তার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও লিখেছেন তিনি।

 

এছাড়াও ফারজিনার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। জেলার তাহিরপুরের এই শিশু ফারজিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফারজিনা ও তার পরিবারের সাথে কথা বলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। জাতীয় পুরষ্কার অর্জন করায় ফারজিনাকে অভিনন্দন জানিয়ে নগদ বিশ হাজার টাকা উপহার দেন তিনি।

 

এর আগে ফারজিনা ও তার পরিবারকে মিষ্টিমুখ করান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। 
ফারজিনার বাবা মো. সায়েম বলেন, ডিসি স্যার আশ্বাস দিয়েছেন আমাদের জায়গা সহ ঘর দেবেন। আমাকে বলেছেন, নিশ্চিন্তে গ্রামে ফিরে যেতে- তিনি আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। আমার মেয়ে আমাকে অনেক সম্মানিত করেছে, উপরে নিয়ে গেছে। আমি জীবনেও কল্পনা করি নি প্রধানমন্ত্রীর সামনে যাবো। মেয়ের জন্যই ডিসি, চেয়ারম্যান সকলে আমার খোঁজ নিচ্ছেন। 

 

প্রথমে এই পুরষ্কারের মর্ম বুঝি নি উল্লেখ করে তিনি বলেন, এখন সবাই আমাকে এতো মূল্যায়ন করছে, ফোন দিচ্ছে, আমাদের সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন- বুঝতে পারছি আমরা মেয়ে কী অর্জন করেছে। আমার মেয়েকে নিয়ে আমার স্বপ্ন বেড়ে গেছে। তাকে লেখাপড়া করাতে চাই। ছবির স্যুটিংয়ের স্মৃতিচারণ করে সায়েম বলেন, পুরো ছবিতে আমার মেয়ের মাত্র দুইটি শট ছিলো। একটা বিয়ের নৌকা আসে। তখন আমার মেয়েকে পরিচালক বলেন, ‘মাম নি একটা দৌঁড় দাও, তখন সে নৌকা দেখতে দৌঁড় দেয়। দৌঁড়ে গিয়ে নদীতে পড়ে যায়।

 

এটাই সবার মন কেড়েছে। যার ফলে জাতীয় পুরষ্কার পেয়েছে।’ফারজিনার বাবা সায়েম জানান, পেশায় তিনি রিক্সা চালক। বর্ষা মৌসুমে জেলের কাজও করেন। তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলান তাহিরপুর গ্রামে পৈতৃক ঠিকানা। স্ত্রী আছিয়া বেগম আর দুই মেয়ে এবং এক ছোট্ট ছেলে নিয়ে সংসার তার। জায়গা সংকুলান না হওয়ায় এবং অভাবের তাড়নায় বিক্রি করেন নিজ ভিটা। এরপর থেকে বিভিন্ন জায়গায় থেকেছেন। সর্বশেষ কিছুদিন ধরে শ^শুর বাড়িতেই থাকছেন তিনি। 

 

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, তাহিরপুরের শিশুশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। তার বাবার সাথে আলোচনা করে জেনেছি ফারজিনা লেখাপড়া করছে। সে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, সেই ব্যবস্থা জেলা প্রশাসন করবে। তাদের বাসস্থান সমস্যার সমাধানও আমরা অচিরেই করে দেব। এছাড়াও বাংলাদেশের উপযুক্ত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে ফারজিনাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার