সুনামগঞ্জে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ২২:২২

সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। জেলায় শান্তিগঞ্জস্থ  সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষা শুরু হয় সকাল ১১ টায়। ১ ঘন্টার এই পরীক্ষায় ২শ’ ৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১শ’ ৪৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৯.৮৩ শতাংশ। নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যপক প্রস্তুতি ছিলো।


পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশা রয়েছে তাদের। সুমা রায় ও আদিলুর রহমান নামের দুই পরীক্ষার্থী জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নের মান খুবই স্ট্যান্ডার্ড ছিলো। পারিপার্শ্বিক পরিবেশও সুন্দর ছিলো যা তাদের পরীক্ষায় খুবই সহায়ক ভূমিকা পালন করেছে। ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা তাদের।

 


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আবদুল লতিফ জানান, আজকের পরীক্ষায় ১শ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ২৪৯ জন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ১৪৯ জন পরীক্ষা দিয়েছেন। শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ ও ১০ এপ্রিল পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বি (মানবিক) ও সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা। বি ইউনিটে ১ হাজার ৬৫ ও সি ইউনিটে ৩ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

 


প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন প্রায় সাড়ে ১৩ হাজার। বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।


প্রতি পরীক্ষার দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার