প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৩ ০৯:৩১
বেঁচে থাকতে শরীরের অপরিহার্য একটি অংশ রক্ত। রক্তের কোনো বিকল্প আজ পর্যন্ত তৈরি হয়নি। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিংবা দুর্ঘটনায় কবলিত হয়ে যখন শরীরে রক্তের পরিমাণ কমে যায় তখন প্রাণ সংকটাপন্ন অবস্থায় থাকে। প্রাণ বাঁচাতে তখন রক্তের প্রয়োজন হয়। জরুরী মূহুর্তে রক্তের খোঁজে উন্মাদ হয়ে রক্তদাতার খোঁজ করতে থাকে রোগীর স্বজন। নানান জন বা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে গিয়ে, ফোন করে জানাতে হয় রক্তের অনুরোধ। এতে নানা ঝামেলা, হয়রানি ও কষ্ট সহ্য করতে হয়। সময়ও যায় অনেক। অনেক সময় দালালের খপ্পরে পড়ে প্রতারিত হন বিপদগ্রস্ত মানুষ।
মানুষের এই কষ্ট কমিয়ে এনে সহজে রক্তের খোঁজ পেতে ডিজিটাল প্লাটফর্ম চালু করেছে বাঁধন। জরুরী প্রয়োজনে রক্ত পেতে এখন আর ফোন দিতে হবে না জনে জনে। স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও বেগমান করতে এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট সহযাত্রী হতে বাঁধনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে বাঁধন (BADHAN) অ্যাপসের। যেখানে প্রাথমিকভাবে দেশের ৬০ হাজার রক্তদাতাদের তথ্য দেয়া আছে। যার মধ্যে সুনামগঞ্জের পাঁচ শতাধিক রক্তদাতা আছেন বলে জানিয়েছে— বাঁধন, সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট। জরুরী মূহুর্তে এই অ্যাপে ঢুকলেই মিলবে রক্তদাতাদের তালিকা। যেখান থেকে খুব সহজেই রক্তের গ্রুপ অনুযায়ী পাওয়া যাবে কাঙ্ক্ষিত রক্তদাতা। একই সাথে কেউ স্বেচ্ছায় রক্ত দিতে চাইলে নিজের নাম রক্তের গ্রুপ সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশনের মাধ্যমে হতে পারবেন তালিকাভুক্ত ।
সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হোসেন পলাশ একজন নিয়মিত রক্তদাতা। ৪ মাস অন্তর অন্তর তিনি নিজ থেকে খোঁজ নিয়ে রক্ত দান করেন। পাশাপাশি যে কারো রক্তের প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ব্যবস্থা করার চেষ্টা করেন। অ্যাপের বিষয়ে তিনি বলেন, এক অ্যাপে সুনামগঞ্জ সহ সারাদেশের রক্তদাতাদের পাওয়া যাবে এটা আগে কখনো ভাবিনি। অকল্পনীয় কাজ করেছে বাঁধন। এতে অতি সহজে ও দ্রুত সংকটাপন্ন রোগীদের জন্য রক্তদাতা মিলবে। আমি নিজেও রক্ত দিতে অ্যাপে রেজিষ্ট্রেশন করবো।
গণমাধ্যমকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন জায়গায় ফোন দেই। বিশেষ করে বাঁধনের কারো কাছে ফোন দিলে নিরাশ হই না। এখন সেটা যদি অ্যাপের মাধ্যমে দ্রুত হয়ে যায়— তা আমাদের জন্য, অসুস্থ রোগীদের জন্য চমৎকার ব্যাপার হবে। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান মিয়া বলেন, প্রাথমিক ভাবে সুনামগঞ্জের ৫০০ রক্তদাতাদের তথ্য বাঁধনের অ্যাপে দেয়া আছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়বে। অ্যাপে ঢুকে নির্দিষ্ট গ্রুপের রক্তের অনুরোধ করলেই পাওয়া যাবে স্থানীয় রক্তদাতাদের তালিকা। সেখানে দেয়া নাম্বারে ফোন দিলেই রক্ত দিতে চলে আসবেন স্বেচ্ছাসেবীরা। রক্ত দেয়া ও নেয়া এখন আরও সহজ হলো অ্যাপের মাধ্যমে।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. শামসুল আলম বলেন, অ্যাপের কথা আগে জানতাম না। এখন শুনে খুবই ভালো লাগলো। সুনামগঞ্জের মানুষ রক্তের চাহিদা পূরণ আরও সহজ হলো। তাদের কাজের সাথে আমি সব সময় ছিলাম, ভবিষ্যতেও সহযোগিতা করবো।
যেভাবে ব্যবহার করবেন এ্যাপ
গুগল প্লে স্টোরের সার্চ অপশন থেকে BADHAN লিখে ডাউনলোড করে নিন অ্যাপটি। এরপর নির্দিষ্ট তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন শেষে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপে ঢুকলে দেখা যাবে রক্তের অনুরোধের তালিকা। রক্ত দিতে চাইলে সেই তালিকা থেকে নিজের রক্তের গ্রুপ দেখে যোগাযোগ করা যাবে রোগীর সাথে। তার উপরে প্রথমে লিখা থাকবে সার্চ ব্লাড। এখানে ক্লিক করে কোথায়, কোন হাসপাতালে এবং কি গ্রুপের রক্ত লাগবে সেসব তথ্য দিয়ে রক্তের অনুরোধ জানানোর পর সেই এলাকার ওই গ্রুপের রক্তদাতাদের তালিকা চলে আসবে সামনে। সেখান থেকে কল অপশনে ক্লিক করে সরাসরি রক্তদাতাদের সাথে কথা বলে পাওয়া যাবে রক্ত।
উপজেলার খবর থেকে আরো পড়ুন