প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩ ০৭:৪১
আবারও গরম সবজি বাজার। সম্প্রতি টানা বৃষ্টিপাতের অজুহাতে দফায় দফায় বৃদ্ধি পেয়েছে সবজির দাম। সারা দেশের মতো জেলায়ও কাঁচা মরিচের কেজি ৬০০-৭০০ ছিল। গত সপ্তাহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানের পর কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা নেমে আসে। সেই সাথে সবজির দামও কিছু কমেছিল। কিন্তু গত সোমবার থেকে আবারও কাঁচা মরিচের কেজি ৫০০-৬০০ টাকা হয়েছে।
মঙ্গলবার সরেজমিনে কিচেন মার্কেটে গিয়ে দেখা যায়, কাঁচা মরিচ ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জানতে চাইলে বিক্রেতারা জানান, গতকাল দাম আরও বেশি ছিল। ৬০০ টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে কাঁচামরিচ। আজকে কেজিতে দাম ১০০ টাকা কমেছে। এদিকে দফায় দফায় সবজির দাম বাড়ায় হতাশ ক্রেতারা। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রেতারা বলছেন, বাজার প্রশাসনের নিয়ন্ত্রণ না থাকায় অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা হঠাৎ দাম বাড়িয়ে দেন।
শহরের কিচেন মার্কেট, জগন্নাথ বাড়ী রোড, জেল রোড সহ বিভিন্ন পয়েন্টের সবজির দোকানগুলোতে কাচামরিচের কেজি ৫০০ টাকা। তবে কেউ কেউ ৪০০ টাকা দরে বিক্রি করছেন। এদিকে ঢেঁড়শ প্রতি কেজি ৫০ টাকা, করলা ৯০-১০০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, বরবটি ৬০ টাকা, শসা ৫০-৬০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, ঝিঙ্গা ৫০-৬০ টাকা, মুখি ৮০-৯০ টাকা, বেগুন ৭০ টাকা পুরল ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন এলাকায় বন্যায় কাঁচামরিচের ক্ষেত তলিয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। এ কারণে কাঁচামরিচের দাম বেড়েছে।
কিচেন মার্কেটে ক্রেতা কামরুজ্জামান জানান, গত বছর যে সবজি প্রতি কেজি কিনেছি ২৫-৩০ টাকা করে। এই বছর তা ৬০-৭০ টাকা করে কিনতে হচ্ছে। যে কাঁচামরিচ কিনেছি প্রতি কেজি ৭০-৮০ টাকা, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ টাকা। মৌসুমের শেষে দাম বাড়তে পারে, তাই বলে এত বেশি দাম মানা যায় না।
ইব্রাহীমপুরের নুরুল আমিন (৭০) কিনেছেন ১ কেজি পুরল, কাঁচা মরিচ ৫০ গ্রাম। কাঁচা মরিচ এতো কম কিনেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, কাঁচা মরিচে আগুন লাগছেবা। সবতার দাম বেশি। সরকারের নজরদারি দরকার।
খুচরা বিক্রেতা লায়েক হোসেন বলেন, কাঁচা মরিচের কেজি কিনতে হয়েছে ৪০০ টাকা করে। এজন্য ৫০০ টাকা করে বিক্রি করছি।
জেল রোড এলাকায় পাইকারি ব্যবসায়ীরা প্রসেনজিৎ দে জানান, যে পরিমাণ কাঁচামরিচ বাজারে আসছে তা চাহিদার তুলনায় অনেক কম। চাহিদা ও সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। কাঁচা মরিচ ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। খুচরা বিক্রেতাদের ৪০০ টাকা কেজি দরে বিক্রি করার জন্য বলা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, অতি বৃষ্টির ফলে উৎপাদন কম হচ্ছে। প্রতিবেশী ভারতেও কাঁচা মরিচ সহ সবজির দাম বেড়েছে। অতি মুনাফা লোভীদের সিন্ডিকেটও এই সুযোগে দাম বাড়িয়ে কাঁচা মরিচ সহ সবজি বিক্রি করছে। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজার মনিটরিং করছি। বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদেরকে জরিমানা করছি, সতর্ক করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন