প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬ ২১:৫৪
সু.খবর ছবি
যোগাযোগের একমাত্র রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়লে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপসী-ঘুড়াডুম্বুর গ্রামের ২০ হাজার মানুষ কয়েকদিন ধরে সীমাহীন দুর্ভোগে পড়েন। এতে করে এলাকার মানুষজন নিরুপায় হয়ে দুর্ভোগের কথা স্যোসাল মিডিয়ায় প্রচার করতে থাকেন। খবর পেয়ে যাতায়াতের দুর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান তাৎক্ষণিক উদ্যোগ নেন। তিনি সরেজমিন গিয়ে এলাকার মানুষের সাথে কথা বলে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
রবিবার বিকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপসী-ঘুড়াডুম্বুর সড়ক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল আলম, ইউপি সদস্য ওমর ফারুক দীপু, জাহাঙ্গীর আলম, খালেদ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, সড়কটি গত কয়েকদিনের বৃষ্টির কারণে পানি খানা খন্দের সৃষ্টি হয়ে একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে। খানা-খন্দ দ্রুত সংস্কার করতে এলাকার লোকজন ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সড়কটিতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের তাৎক্ষণিক পদক্ষেপে এবার দুর্ভোগ লাঘব হবে, আমরা এনেক আনন্দিত।
শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, সড়কটি বিগত সরকারের আমলে টেন্ডার করা। ৫ আগস্টের পরে এই সড়কের কাজ ফেলে দিয়ে ঠিকাদার লাপাত্তা হয়েছেন। আমরা অনেক চিঠি দিয়েছি, কিন্তু কোন সাড়া না পেয়ে আমরা পুনরায় টেন্ডার আহ্বান করতে যাচ্ছি। এই মুহূর্তে সড়কটিতে কিছু খানা-খন্দ সৃষ্টি হওয়ায় এলাকার লোকজন যাতায়াত করতে পারছিলেন না। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার সরেজমিন গিয়ে দেখে দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছি। আগামী ২-১ দিনের মধ্যে সড়কটি যাতায়াত উপযোগী হয়ে যাবে।
(1).jpg)
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজাহান জানান, এলাকার লোকজন একটি সড়কের খানা খন্দের কারণে ব্যাপক দুর্ভোগ সহ্য করে চলাফেরা করার খবর পেয়ে আমি সরেজমিন পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করি মানুষজনের চলাচলে আর কোন অসুবিধা হবে না।
উপজেলার খবর থেকে আরো পড়ুন