প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ২১:০৩
ধান গোলায় উঠাতে সার্বক্ষণিক প্রশাসনিক সহযোগিতা থাকবে
-ছবি. সুখবর
শান্তিগঞ্জ উপজেলায় হাওরে নির্বিঘ্নে বোরো ধান কর্তন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন সভা হয়।
শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. আহসান হাবিব’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান।
বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা রওশন খাঁন সাগর, শান্তিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপসহকারি কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, হারভেস্টার কোম্পানীর প্রতিনিধি মিনহাজুল হক, মোস্তাফিজুর রহমান, হরমুজ আলী, শাহ আলম চিশতী সহ স্থানীয় ধান কাটার যন্ত্র হারভেস্টার মালিক, লাইসেন্সধারী দাহ্যপদার্থ তেল সরবরাহকারী প্রতিনিধি ও কৃষকরা।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন করতে সবার সহযোগিতা প্রয়োজন। পুরাতন ও নতুন মিলিয়ে ধান কাটার যন্ত্র হারভেস্টার ইতোমধ্যে সবগুলো মেরামত করা হয়েছে। তাৎক্ষণিক বিকল হওয়া হারভেস্টার মেশিন দ্রুত সময়ে মেরামত, ধান কর্তনে নিয়মিত ডিজেল সরবরাহ সহ হাওরের ধান কৃষকের গোলায় উঠানের জন্য সার্বক্ষণিক প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
চলতি বছর শান্তিগঞ্জ উপজেলায় ২২ হাজার ৬১২ হেক্টর বোর জমিতে ধান আবাদ করা হয়েছে। উপজেলা পর্যায়ে নিজস্ব ৭৭ টি এবং বহিরাগত আরও ৫০টি হারভেস্টার দিয়ে ধান কাটা শুরু হবে। এবছর জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে প্রতি কেদার জমিতে হারভেস্টার দিয়ে ধান কর্তন খরচ ১৯০০ টাকা ধরা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন