উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১৬:২২

সুনামগঞ্জ সরকারি কলেজ

সু.খবর ছবি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম. আবুল কাশেম আজাদ। শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও দর্শনার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।


পরে অনুষ্ঠিত বৈশাখী মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্টল নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিটি স্টলে ছিল গ্রামবাংলার ঐতিহ্য- হারিকেন, কৃষকের মাথার টুপি, ডালা, হাতপাখাসহ নানা ব্যবহার্য সামগ্রী। এছাড়াও মেলায় ছিল বিভিন্ন ধরনের পিঠা, হাতে তৈরি চুড়ি-বালা ও গহনা।


ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাজকিরা হক তাজিন বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ উদযাপন উপলক্ষে আমরা ইংরেজি বিভাগ একটি স্টল দিয়েছি, যেখানে বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি।


তিনি আরও বলেন, আমাদের স্টলে হারিকেন, কৃষকের মাথার ছাতা, ডালা ও হাতপাখার মতো গ্রামীণ জীবনের নানা উপকরণ রেখেছি, যা প্রাচীন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। পাশাপাশি রাখা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নানা পিঠা- বিশেষ করে নকশি পিঠা, নারিকেল পিঠা ও মুড়ির মোয়া।


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শতাব্দী দাস বলেন, কলেজে আয়োজিত আজকের এত সুন্দর ও বর্ণিল আয়োজন দেখে সত্যিই আমরা আনন্দিত। এই আয়োজনকে ঘিরে সব বিভাগই নিজ নিজ স্টল নিয়ে অংশগ্রহণ করেছে। 
তিনি জানান, তাদের স্টলে নিজেদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আলপনা আঁকার উপকরণ, মুখে আলপনা দেওয়ার সামগ্রী, হাতে বানানো জুয়েলারি, পাশাপাশি জন্য রাখা হয়েছে চটপটি ও ফুচকা।


দর্শন বিভাগের শিক্ষার্থী প্রিয়াঙ্কা কর প্রিয়া বলেন, দীর্ঘদিন পর কলেজে এমন একটি সুন্দর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, গতবারও নববর্ষ উদযাপন করা হলেও এ ধরনের জমজমাট মেলার আয়োজন ছিল না। 
তিনি আরও বলেন, তাদের স্টলে হাতে তৈরি নানা ধরনের গহনা রাখা হয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠাও রয়েছে।


কলেজের এমন আয়োজনে দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঘুরতে আসা দর্শনার্থী ডাক্তার নীলুফা ইয়াসমিন বলেন, সুনামগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা এবং পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই আরও সুন্দরভাবে আরো বড় পরিসরে এই উৎসবটা যেন পালন করতে পারি। আজকে এখানে এসে অনেক ভালো লাগছে। 


তামান্না আক্তার বলেন, আজকে পহেলা বৈশাখে মেলায় আসছি। অনেকদিন পরে এ ধরনের মেলা কলেজে অনেক ভালো লাগছে। 


রিয়া তালুকদার বলেন, কলেজে এত সুন্দর অনুষ্ঠান হয়, আগে জানতাম না। কলেজে এসেছিলাম ঘুরতে, এসে দেখি এত সুন্দর একটি আয়োজন মেলা, দেখে অনেক ভালো লাগছে।


বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. রোকসানা পারভীন বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে আজকের এই আয়োজন করা হয়েছে। কলেজের দশটি অনার্স বিভাগ অংশ নিয়ে মেলার আয়োজন করেছে, যা ইতোমধ্যেই অভূতপূর্ব সাড়া ফেলেছে।


তিনি বলেন, শিক্ষার্থীসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে পরিণত হয়েছে। এটি আমাদের নিজস্ব উৎসব, প্রাণের উৎসব-যেখানে সবাই মিলে গেছে।


এদিকে বিতর্ক প্রতিযোগিতা শেষে দুপুর থেকে ছিল সাংস্কৃতিক আয়োজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার