প্রকাশিত: ০৪ মে, ২০২৬ ২৩:৪৮
সিলেটে চিকিৎসা করাতে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
নিহতরা হলেন, তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তিওর জালাল গ্রামের ইসব আলি (কুন্ডল), তার মেয়ে কেয়া মনি, ভাতিজি নীলোফা বেগম, নীলোফা বেগমের স্বামী শাহাবুদ্দিন এবং অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ দুর্ঘটনায় ইসব আলির ছেলে শুভ ও তার খালাতো এক ভাই অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড মেম্বার একরামুল হুদা জানান, রোববার সকালে ইসব আলি হঠাৎ পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে একটি সিএনজি ভাড়া করে পাঁচজন একসঙ্গে সিলেটের উদ্দেশ্যে
রওনা হন। পথে জালালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস সিএনজিটিকে চাপা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও তিনজন মারা যান। তিনি বলেন, এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন