‘আওয়ামী আমলেও এত নির্যাতিত হইনি’

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ২২:৪২

তাহিরপুর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল বারিক ফেসবুক লাইভে এসে পুলিশি নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার দোকানে একাধিকবার পুলিশ অভিযান চালানো হয়েছে এবং তার দুই ছেলে ও ভাতিজাকে আটক করে নির্যাতনের পর মিথ্যা মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

 


ফেসবুক লাইভে আব্দুল বারিক বলেন, গত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং এ কারণে তিনবার কারাবরণও করেছেন। তিনি দাবি করেন, দেশের মানুষের শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই তিনি আন্দোলন করেছেন।
তিনি বলেন, আমরা বিএনপি করেছি বলে কি অন্যায় করেছি? আওয়ামী লীগের সময়ও এত নির্যাতনের শিকার হইনি। এখনো যদি জেল-জুলুম আমাদের কপালে থাকে, তাহলে আর কী করার আছে।

 


বারিক অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযানের নামে তার ছেলের কসমেটিকস দোকানে পুলিশ অভিযান চালালেও কোনো মাদক উদ্ধার করতে পারেনি। এরপরও তার দুই ছেলেকে মারধর ও আটক করা হয়।

 


তিনি আরও বলেন, আমার ছেলেরা কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, তারা সিগারেট পর্যন্ত খায় না। অথচ তাদের রাতের বেলায় হাজত থেকে বের করে মারধর করা হয়েছে।
লাইভে তিনি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের কাছে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে অভিযোগ করেন, এলাকায় কিছু আওয়ামী লীগ সমর্থক পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে।

 


এদিকে তাহিরপুর উপজেলা যুবদল এক প্রতিবাদলিপিতে আব্দুল বারিক, তার ভাই, দুই ছেলে ও ভাতিজাসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো ওই প্রতিবাদলিপিতে নেতারা বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে তারা।

 


প্রতিবাদলিপিতে অবিলম্বে সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও হয়রানিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের একটি টহল দল হামলার শিকার হয়। ঘটনাস্থলটি থানা থেকে প্রায় এক কিলোমিটার এবং সার্কেল অফিস থেকে প্রায় ৪০ গজ দূরে। এ ঘটনায় পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।

 


তাহিরপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে যুবদল নেতা আব্দুল বারিকের ছেলে আশরাফুল ইসলামের দোকানে তল্লাশি চালায়। তবে কোনো মাদক উদ্ধার করা যায়নি। এ সময় দোকানে থাকা কয়েকজন যুবক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে একজনকে আটক করলে অন্যরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন।


খবর পেয়ে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যান। পরে আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়।

 


যুবদল নেতা আব্দুল বারিক বলেন, ঘটনার সময় আমি বাজারে ছিলাম। পরে শুনি আমার ছেলের দোকানে পুলিশ হামলা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ২০-৩০ জন পুলিশ আমার দুই ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করলেও পারিনি। তিনি বলেন, স্থানীয় এক মেম্বারের পরামর্শে এসআই দ্বিপক চন্দ্র দাস পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমার অপরাধ একটাই আমি প্রাথমিক মনোনয়ন বঞ্চিত আনিসুল হকের গ্রুপ করি।

 


তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বারিক, তার ভাই, দুই ছেলে ও ভাতিজাসহ কয়েকজন নিরীহ ব্যক্তির বিরুদ্ধে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। যুবদল নেতার দুই ছেলে মাদক ব্যবসায়ী বা জুয়াড়ি নয়। কোনো পক্ষকে খুশি করতে পুলিশ অতি উৎসাহী হয়ে এমন ঘৃণ্য কাজ করেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। এতে একজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দোকানে কোনো মাদক উদ্ধার করা যায়নি, তবে জুয়া খেলার কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার