জনমত

উন্নয়নয়ের জন্য তাকে দরকার

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৩ ০৭:২৬

জনমত : সুনামগঞ্জ-৩

‘আমরা গরিব মানুষ। রাজনীতি বুঝি না, রিক্সা চালিয়ে ভাত খাই। তবে উন্নয়নটুকু ঠিকই বুঝি। আমাদের মন্ত্রী এম এ মান্নান সাহেব সুনামগঞ্জ জেলাকে বদলে দিয়েছেন। লোকমুখে তা শুনি, নিজের চোখে দেখি। উন্নয়নকে তো আর অস্বীকার করা যায় না।

 

যে মানুষ সুনামগঞ্জ জেলাকে পরিবর্তন করে দিয়েছেন তাকে আমাদের দরকার। কাজের লোক মান্নান সাহেবকে আমরা আরারও সংসদে দেখতে চাই। মন্ত্রী হিসেবে দেখতে চাই। সুনামগঞ্জ জেলার আরও উন্নয়নের জন্য তাকে আবার প্রয়োজন। আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও তাকে নির্বাচিত করবো।’ 

 

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে নিয়ে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন রিক্সা চালক সোহেল মিয়া। সোহেল মিয়া শান্তিগঞ্জ উপজেলার পাগলা—বীরগাঁও সড়কে রিক্সা চালান।প্রায় একই ধরণের কথা বললেন, একই এলাকার ইনাতনগর সড়কের রিক্সা চালক মনর আলী। তিনি বলেন, মান্নান সাহেব একজন যোগ্য লোক। আমাদের এলাকার উন্নয়নে তিনি বিরাট ভূমিকা রেখে চলেছেন।

 

শান্তিগঞ্জ আর দিরাই রাস্তার মুখে বড় বড় বিল্ডিং দেখলে মনে হয় এই এলাকা বড় শহরের মতো। এসব তো মন্ত্রী স্যারের জন্যই হয়েছে। আরও অনেক উন্নয়ন দরকার। পাগলায় মহাসিং নদীর উপর ব্রীজ দরকার। এজন্য আমাদের এলাকায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বিকল্প কেউ নেই। আমরা তাকে ছাড়া আর কারো কথা ভাবছি না।

 

টানা চতুর্থবারের মতো সুনামগঞ্জ—৩ আসনে নৌকার মাঝি হয়েছেন এম এ মান্নান। এলাকাবাসীর নিরঙ্কুশ ভোটে বার বার নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকায় অসংখ্য ব্রীজ, কালভার্ট, সড়ক, একাডেমিক শিক্ষা ভবন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, বিটাক, নার্সিং কলেজসহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি। কথা চলছে ছাতক থেকে সুনামগঞ্জে রেললাইন স্থাপনের, সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত উড়াল সড়ক তৈরির।

 

তিনি স্বপ্ন দেখছেন সুনামগঞ্জে অন্তত মিনি এয়ারপোর্ট করার। এসব ছাড়াও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে অসংখ্য টিউবওয়েল ও স্বাস্থ্যকর ল্যাট্রিনের ব্যবস্থা করেছেন পরিকল্পনা মন্ত্রী। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রায় প্রতিটিগ্রামেই অধিকাংশ অসহায়, দরিদ্র পরিবারগুলোতে সরকারি ল্যাট্রিন, টিউবওয়েল দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। এসব কারণেই পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আবারও ভোট দিয়ে সংসদে রাখতে চান সাধারণ ভোটাররা।

 

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দলীয় মনোনয়ন পাওয়ার পর শান্তিগঞ্জ উপজেলার সব ইউনিয়নের অন্তত অর্ধশত মানুষের সাথে কথা হয় এ প্রতিবেদকের। যাদের দশ থেকে পনেরো জনের কথোপকথন সংরক্ষিত আছে প্রতিবেদকের কাছে। তারা প্রত্যেকেই নিরঙ্কুশভাবে এম এ মান্নানকে নৌকা প্রতীকে বিজয়ে দেখতে চান।

 

সাধারণ মানুষজন জানান, সুনামগঞ্জ—৩ আসনে যে ৬ জন ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এসেছেন তাদের ৩ জনকে অনেকে একেবারেই চিনেন না।  আওয়ামী লীগের প্রার্থী এম এ মান্নান, তৃণমূল বিএনপির প্রার্থী মাও. শাহীনূর পাশা চৌধুরী ও গত নির্বাচনে প্রার্থী হওয়া স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ চৌধুরী তুষার ছাড়া বাকী ৩ জনকে একদমই চিনেন না শান্তিগঞ্জের ভোটাররা। আবার অনেকের ধারণা, কাছাকাছি মানের প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় খুব সহজেই আবারও নির্বাচিত হবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। তবে কোনো প্রার্থীকেই খাটো করে দেখছেন না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রাখায় আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। সাধারণ মানুষের প্রতি আমার আস্থা আছে। এলাকার জন্য কিছু করে থাকলে নির্বাচনে অবশ্যই তারা আমাকে দেখবেন। আমি তাদের ভাই, সকল মানুষের উপকারের জন্য কাজ করি। সুনামগঞ্জে আরও অনেক কাজ করতে চাই। আশাকরি জনগণ আমাকে আবারও সে সুযোগ দিবেন। আমার প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থীতেই আমি খাটো করে দেখি না। তাদের সম্মান করি।

 

জনগণের ভালো লাগলে তাদের যে কাউকেও তো ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। আমি সবার মতকে সম্মান জানাই। সকলের প্রতি অনুরোধ নৌকা মার্কায় ভোট দিবেন, প্লিজ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৬, সুনামগঞ্জ—৩ আসনে (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন—  আওয়ামীলীগের এম এ মান্নান, তৃণমূল বিএনপির মাও. শাহীনূর পাশা চৌধুরী ও স্বতন্ত্র মো. মাহফুজুর রহমান খালেদ চৌধুরী তুষার, জাকের পার্টির মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির তৌফিক আলী ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার