প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ২৩:০৩
প্রাথমিক শিক্ষা পদক
দুর্গম হাওরাঞ্চলের নানা সীমাবদ্ধতা আর প্রতিকূলতা জয় করে অনন্য গৌরব অর্জন করেছে জামালগঞ্জ উপজেলার দুই ক্ষুদে শিক্ষার্থী রাকিবুল হোসেন ও উৎসব তালুকদার। মেধার স্বাক্ষর রেখে ‘প্রাথমিক শিক্ষা পদক—২০২৬’—এ সিলেট বিভাগের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে এই দুইজন।
জানা যায়, প্রতিযোগিতার প্রতিটি ধাপেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই দুই খুদে প্রতিভা। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার পর জেলাতেও তারা প্রথম হয়। সর্বশেষ সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় উচ্চ লাফে কামিনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাকিবুল হোসেন এবং লোকসংগীতে (পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি ও মুর্শিদি) জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উৎসব তালুকদার সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
বিভাগীয় সেরা হয়েই থেমে নেই তাদের স্বপ্ন। এবার তাদের লক্ষ্য জাতীয় পদক। সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে রাকিবুল ও উৎসব। দুর্গম হাওরের আলো হয়ে দুই শিশু এখন সারা দেশের মধ্যে সেরা হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবে। তাদের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও পুরো হাওরপাড়ের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের ও কামিনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সফলতা এসেছে। আমাদের বিশ্বাস, তারা জাতীয় পর্যায়েও সেরা হয়ে উপজেলা ও জেলার সুনাম বয়ে আনবে।
জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার এই সাফল্যকে পুরো উপজেলার গৌরব হিসেবে উল্লেখ করে বলেন, প্রাথমিক শিক্ষা পদকে উচ্চ লাফ ও সংস্কৃতিতে আমাদের শিক্ষার্থীরা সিলেট বিভাগে সেরা হয়েছে। দুর্গম অঞ্চলের এই ক্ষুদে শিক্ষার্থীদের অর্জন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ার লড়াইয়ে তাদের এই অগ্রযাত্রা সাফল্যমণ্ডিত হোক— উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এই শুভকামনা রইল।
উপজেলার খবর থেকে আরো পড়ুন