এক সপ্তাহ ধরে বন্ধ ডায়ালাইসিস

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৩ ০৭:১০

২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ডায়ালাইসিস মেশিন নষ্ট হওয়ায় এক সপ্তাহ ধরে বন্ধ রক্ত পরিশোধন (ডায়ালাইসিস) সেবা। কিডনিজনিত সমস্যার বিশেষ এই চিকিৎসা সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। পুরোপুরি কিডনি বিকল হয়ে নিয়মিত ডায়ালাইসিস নেয়া রোগীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ সরকারিভাবে সুনামগঞ্জ সদর হাসপাতাল ছাড়া অন্য কোথাও ডায়ালাইসিস সেবা পাওয়া যায় না। ডায়ালাইসিস সেবার জন্য যেতে হচ্ছে সিলেট বা অন্য কোনো জায়গায়। এতে পরিবহন ভোগান্তির পাশাপাশি ব্যয় হচ্ছে অধিক টাকা। 


হাসপাতাল কতৃর্পক্ষ জানিয়েছেন, সদর হাসপাতালে ৫টি ডায়ালাইসিস মেশিন আছে। যেখানে নিয়মিত ডায়ালাইসিস রোগীদের সেবা দেয়া হচ্ছে। গত এক সপ্তাহ ধরে মেশিনের ওয়াটার প্লান্ট নষ্ট হয়ে গেছে। যার কারণে ডায়ালাইসিস সেবা বন্ধ আছে। 


সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস চিকিৎসা নেন অ্যাড অরুনাভ দাস। সপ্তাহে দুদিন সুনামগঞ্জ সদর হাসপাতালে ডায়ালাইসিস করেন। সুনামগঞ্জে মেশিন নষ্ট হওয়ায় এখন সিলেট থেকে সেবা নিতে হচ্ছে। এতে বেড়েছে ভোগান্তি, ব্যয় হচ্ছে অতিরিক্ত টাকা। তিনি বলেন, আমার সামান্য সামর্থ্য আছে, তাই সিলেট এসে প্রতিদিন করতে পারছি। কিন্তু এমনও রোগী আছে যাদের সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করাতে হয় এবং তাদের সামর্থও নেই। তারা মহাবিপদে আছেন। 


সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ৮ তলা ভবনের ৬ষ্ঠ তলায় ডায়ালাইসিস বিভাগ। ভেতরে কোনো রোগী নেই। তালাবদ্ধ দরজার ভেতরে পড়ে আছে নষ্ট মেশিন। বন্ধ দরজার সামনে অন্য বিভাগের কর্মরত মানুষ ও অন্যান্য রোগীরা জানান বেশ কয়েকদিন ধরে তালাবদ্ধ ডায়ালাইসিস বিভাগ। এক সপ্তাহ আগে সকালে মেশিন নষ্ট হয়ে যায়। তখন এই বিভাগে চিকিৎসাধীন রোগীদেরকে সিলেট পাঠানো হয়। এরপর থেকে বন্ধই আছে ডায়ালাইসিস সেবা। 


সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, আমাদের ৫টা মেশিন আছে।  ৫ টা মেশিন নিয়ন্ত্রিত হয় ওয়াটার প্লান্ট দিয়ে। সেই ওয়াটার প্লান্ট বিকল হওয়ায় চিকিৎসা সেবা বন্ধ আছে। মেশিন নষ্ট হওয়ায় রোগীদের আপাতত আমরা ভর্তি রাখছিনা। তাদের অন্যত্র সেবা নেয়ার পরামর্শ দিচ্ছি। 


হাসপাতালের তত্বাবধায়ক (উপ—পরিচালক) ডা. আনিসুর রহমান বলেন, প্রথমে মেশিনে একটা সমস্যা ছিল। আমরা সেটার ছবি তুলে ইঞ্জিনিয়ারের কাছে পাঠাই। এই সমস্যা ঠিক করার পর আরও সমস্যা দেখা দিয়েছে। তাই ইঞ্জিনিয়ারকে ঢাকা থেকে সুনামগঞ্জে আনতে হয়েছে। মেশিনের মালামাল আজকেই (মঙ্গলবার)  চলে আসবে। আশা করি আর কোনো সমস্যা দেখা না দিলে আগামী এক দিনের ভেতর সমস্যার সমাধান হয়ে যাবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার