ঢলের পানিতে বিচ্ছিন্ন তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ 

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬ ১৮:৩৮

২৪ ঘণ্টায় ২৬৫ মিমি বৃষ্টিপাত

সু.খবর ছবি

গত ২৪ ঘণ্টায় এ মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণ ও উজানের ঢলে জেলার নদ—নদী ও হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত সহ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 

 

পাশাপাশি তাহিরপুর—সুনামগঞ্জ সড়কের কয়েকটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, কয়েকদিন ধরেই জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

 

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছিল ১০০ মিলিমিটার বৃষ্টিপাত। টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে নদ—নদীর পানির স্তর ক্রমাগত বাড়ছে।

 


বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সরেজমিনে দেখা যায়, তাহিরপুর—সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ও সত্তেরখড়া এলাকায় প্রায় ১০০ মিটার অংশ পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। এতে সড়কের দুই পাশে মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে।


এদিকে তাহিরপুর, দোয়ারাবাজার ও মধ্যনগর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবনেও নেমে এসেছে ভোগান্তি।

 


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী আরও দুই দিন সুনামগঞ্জসহ সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদ—নদীর পানির স্তর আরও বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

 


জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আবহাওয়ার পূর্বাভাস এবং পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েক দিনের মধ্যে এ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে কিছু জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ এবং উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়গুলোর অধীনে ত্রাণ মজুত রাখা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার