প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ২৩:১১
উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরা
কৃষক শাকের মিয়া
জামালগঞ্জ উপজেলায় চিচিঙ্গা চাষে দারুণ সাফল্য অর্জন করেছেন সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের কৃষক শাকের মিয়া। আধুনিক পদ্ধতি ও সঠিক পরামর্শ কাজে লাগিয়ে মাত্র ২০ শতক জমিতে চিচিঙ্গা চাষ করে তিনি এখন লাভের মুখ দেখছেন। তার এই অভাবনীয় সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন চিচিঙ্গা চাষে উৎসাহিত হচ্ছেন।
মার্চ মাসের শেষের দিকে শাকের মিয়া উন্নতমানের চিচিঙ্গার বীজ রোপণ করেন। সঠিক ও নিয়মিত পরিচর্যায় গাছগুলো দ্রুত বড় হয়ে ওঠে এবং মাত্র দুই মাসের মধ্যেই ফুল আসতে শুরু করে। বর্তমানে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে চিচিঙ্গা ঝুলছে। ক্ষতিকর পোকামাকড় দমনে তিনি রাসায়নিকের বদলে পরিবেশবান্ধব ‘ফেরোমন ফাঁদ’ ব্যবহার করেছেন। পাশাপাশি জমিতে পর্যাপ্ত জৈব সার ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করা হয়েছে।
শাকের মিয়া প্রতি তিনদিন পর পর খেত থেকে চিচিঙ্গা সংগ্রহ করে স্থানীয় মন্নানঘাট বাজারে বিক্রি করছেন। তিনি জানান, শুরুর দিকে প্রতি কেজি চিচিঙ্গা ৪০ টাকা দরে বিক্রি করলেও বর্তমানে বাজারদর কিছুটা কমেছে। ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’ এর আওতায় প্রদর্শনী প্লটে চিচিঙ্গা চাষ করে তিনি বেশ লাভবান হয়েছেন। চিচিঙ্গা চাষে তাঁর মোট খরচ হয়েছে ২০ হাজার টাকা। এ পর্যন্ত তিনি ৪০ হাজার টাকার চিচিঙ্গা বিক্রি করেছেন এবং বাকি সময়ে আরও ৫০ হাজার টাকার চিচিঙ্গা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
শাকের মিয়ার এই সফল চিচিঙ্গা প্রদর্শনী দেখতে প্রতিদিন স্থানীয় কৃষকরা তার ক্ষেতে আসছেন। তার এই সাফল্য দেখে এলাকার অনেক কৃষকই এখন চিচিঙ্গা চাষে উৎসাহিত হচ্ছেন। শাকের মিয়া বলেন, অন্যান্য ব্যবসার পাশাপাশি আমি কৃষি কাজের সঙ্গেও জড়িত। নিজের জমিতে নিয়মিত বিভিন্ন ধরনের ফসল চাষ করি। তবে এবার চিচিঙ্গা চাষ করে বেশ ভালো আয় হচ্ছে। আমার চাষাবাদ দেখে এলাকার অনেকেই চিচিঙ্গা চাষে আগ্রহ দেখাচ্ছেন।
স্থানীয় কৃষক ইয়ার আলী বলেন, কঠোর পরিশ্রম, চেষ্টা ও সঠিক পরামর্শ থাকলে যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব। শাকের মিয়া চিচিঙ্গা চাষ করে লাভবান হয়েছেন। তার সাফল্য দেখে আমরাও আগামীতে চিচিঙ্গা চাষ করার সিদ্ধান্ত নিয়েছি।
জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, এ অঞ্চলের মাটি চিচিঙ্গা চাষের জন্য বেশ উপযোগী। আধুনিক পদ্ধতিতে ‘সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’ এর আওতায় প্রদর্শনী প্লটে চিচিঙ্গা চাষ করে কৃষক শাকের মিয়া দারুণ সফল হয়েছেন। আমরা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের চিচিঙ্গা চাষে নিয়মিত উৎসাহিত করছি। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। শাকের মিয়ার সফলতা দেখে আগামীতে এই এলাকায় চিচিঙ্গার চাষ আরও বাড়বে বলে আমরা আশাবাদী।
উপজেলার খবর থেকে আরো পড়ুন