প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৩ ০৬:৪৯
শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা মিলিয়ে সংসদীয় আসন ২২৬, সুনামগঞ্জ—৩। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সুনামগঞ্জ—৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। নৌকা মার্কা নিয়ে এটি তাঁর চতুর্থ নির্বাচন। সরকারে থাকা প্রভাবশালী এই মন্ত্রীকে পুনরায় নির্বাচিত করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাশাপাশি শান্তিগঞ্জ উপজেলায় মাঠ পর্যায়ে কাজ করবে ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। নির্বাচনে নৌকার সর্বোচ্চ প্রচার সুনিশ্চিত করা, সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা, বিভিন্ন সভা—সমাবেশে অংশগ্রহণ, গণসংযোগে জ্যেষ্ঠ নেতাদের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাওয়া, নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা, মহিলা ও বয়োবৃদ্ধ ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করবে ছাত্রলীগ। এজন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে ছাত্রলীগ।
জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৫৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রের বিপরীতে ছাত্রলীগের একটি করে নির্বাচন কমিটি থাকবে। ইতোমধ্যে ৩৫টি কেন্দ্রের বিপরীতে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। তিন—চার দিনের মধ্যে বাকী কমিটিরও কাজ শেষ হয়ে যাবে। প্রতি কমিটিতে ২০ জন করে ছাত্রলীগ কর্মী কাজ করবে। কর্মঠ, উৎসাহী, পরিশ্রমী, সক্রিয় ও স্বচ্ছ ইমেজধারী ছাত্রলীগের কর্মীকে এই কমিটিতে রাখা হয়েছে। গ্রাম ও কেন্দ্র ভিত্তিক এসব কমিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে। বিভিন্ন উঠান বৈঠকের আয়োজন করা, এসব বৈঠকে প্রবীণ ও জ্যেষ্ঠ ব্যক্তিদের আসন সুনিশ্চিত করাসহ নির্বাচনের সকল ইতিবাচক কাজ বাস্তবায়ন করবে এসব কমিটি। তাদের নির্দেশনা দেবে ছাত্রলীগের উপজেলা কমিটি।
শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ বলেন, কর্মঠ, উৎসাহী, পরিশ্রমী, সক্রিয় ও স্বচ্ছ ইমেজধারী ছাত্রলীগের কর্মীকে এই কমিটিতে রাখা হয়েছে। আশা করছি সব কিছু ঠিক থাকলে ভোটের দিন ৮০/৯০ শতাংশ ভোট কাস্ট হবে। ইতোমধ্যে ৩৪/৩৫টি কেন্দ্রের বিপরীতে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। পশ্চিম পাগলা ইউনিয়নের ৫টি কেন্দ্রের বিপরীতে ৩টি কেন্দ্রে ছাত্রলীগ কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান টাপু ও মনিরুজ্জামান শিপু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন বলেন, ছাত্রলীগ সুন্দর উদ্যোগ নিয়েছে। ভোট কেন্দ্রে মানুষদের আনা—নেওয়া, উঠান বৈঠক ও সমাবেশে সব ধরণের সহযোগিতা করা এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা হবে তাদের কাজ। এমন উদ্যোগে ভোটারদের মাঝে উৎসাহ বাড়াবে। উপজেলা আওয়ামীলীগ তাদের পরামর্শ দেবে, কর্মপরিকল্পনা বলে দেবে, বাস্তবায়ন করবে ছাত্রলীগ। অন্যান্য সংগঠন তাদের কাজ পরখ করবে।
শান্তিগঞ্জ ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এমন উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, যদি পরিকল্পনা মতো কাজ করতে পারে তাহলে ছাত্রলীগের এমন উদ্যোগ অবশ্যই ভালো ফলাফল বয়ে আনবে। ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভালো ছেলেদের দায়িত্বে নিয়ে আসতে হবে। মুরুব্বিদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এমন একটি পরিকল্পনা গ্রহণের জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন