প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ২৩:২৬
বৌলাই নদী
তাহিরপুর উপজেলা সদর সংলগ্ন বৌলাই নদীর ওপর নির্মিত সেতুর একটি পিলার বাল্কহেডের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে একটি বাল্কহেড সেতুর ৩ নম্বর স্প্যানের একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগলে পিলারটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় তাহিরপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে নদীপথ ব্যবহারকারী সকল বাল্কহেড, হাউজবোট ও অন্যান্য নৌযানকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সেতুর নিচ দিয়ে যাতায়াতের সময় ধীরগতিতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পিলার দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। দ্রুত সংস্কারকাজ না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাকিব মুন কুখন বলেন, ক্ষতিগ্রস্ত পিলার মেরামতের আগ পর্যন্ত এ সেতুর নিচ দিয়ে বড় বাল্কহেড ও হাউজবোট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া উচিত, এতে সম্ভাব্য ঝুঁকি অনেকাংশে কমবে।
তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি বড় বাল্কহেডের ধাক্কায় ব্রিজের তিন নম্বর পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরেজমিন পরিদর্শন করেছি এবং নৌযান চালকদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পিলারটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, বাল্কহেডের ধাক্কায় সেতুর ৩ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জেনেছি। দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন