মোবাইল কোর্ট দেখেই...

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:২৪

ভুলেও ভাববেন না ছবিতে থাকা মানুষের দীর্ঘ এই লাইন কোনো ভোট কেন্দ্রের। এটি পাগলা বাজারের একটি মুদির দোকানের সামনে পেঁয়াজ কিনতে আসা ক্রেতাদের সারি। সোমবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে শাস্তি স্বরূপ মেসার্স দোলন স্টোরের ৪শ’ কেজি পেঁয়াজ ১২০ টাকা দরে নিজে উপস্থিত থেকে বিক্রি করান তিনি। খবরটি বাজারব্যাপী ছড়িয়ে পড়লে কমমূল্যে পেঁয়াজ কিনতে এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়ান ক্রেতারা।


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। এরপর থেকেই ১শ’ টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম বাড়িয়ে ১৮০ থেকে ২শ’ টাকায় বিক্রি শুরু করেন শান্তিগঞ্জের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে রবিবারে ‘শান্তিগঞ্জে পেঁয়াজের কেজি ২০০’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় দৈনিক সুনামগঞ্জের খবরে। সংবাদ প্রকাশের পর পাগলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার। এসময় কোনো দোকানদারকে অর্থ জরিমানা না করলেও মেসার্স দোলন স্টোর ও মেসার্স নিশি স্টোর থেকে মোট ৪১০ কেজি পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করান তিনি। দোলন স্টোরে ৪শ’ ও নিশি স্টোরে ১০ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়।


এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মির্জা, সহ সভাপতি আতর আলী, সদস্য তুয়েল আহমদ, নাছির আলী ও গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান। 


মিলন মিয়া ও লিটন মিয়া নামের দু’জন ক্রেতা জানান, গতকাল রবিবারও পাগলা বাজারে ১৮০ থেকে ২শ’ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে। আজ (সোমবার) মোবাইল কোর্ট এসে তারা দাঁড়িয়ে থেকে ১২০ টাকা দরে বিক্রি করছেন। দুই কেজি করে দু’জনে ৪ কেজি কিনেছি।


শান্তিগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছেন। দোলন স্টোরের মালিক পেঁয়াজ গোপনের চেষ্টা করেছেন। আমরা খুঁজে বের করে ১২০ টাকা দরে বিক্রি করিয়েছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে পেঁয়াজ কিনেছেন। পুলিশ ও গ্রাম পুলিশ সহযোগিতা করেছেন। আমি বাজারের সকল ব্যবসায়ীদের বলেছি, ১৩০ টাকার বেশি পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। আমাদের নিজস্ব লোক ছদ্মবেশে বাজারে পেঁয়াজের দাম মনিটরিং করবে। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার