বার্সাকে ২ শর্ত দিলেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক তরেস

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ১১:০৭

সংগৃহীত ছবি 

ফেররান তরেস কি বার্সেলোনায় থাকবেন? সে বিষয়ে শেষ কিছু দিনে কম কানাঘুষা হচ্ছে না। এবার স্পেনের বিশ্বকাপ ফাইনালের নায়ক নিজেই মুখ খুললেন। বার্সেলোনাকে দিলেন ২টি শর্ত।

 

 

বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোল করার পর থেকে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে নিয়ে দলবদলের গুঞ্জন চলছে। গত কয়েক মৌসুমে হানসি ফ্লিকের অধীনে তিনি নিয়মিত সুযোগ পাননি। 

 

 

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পর পিএসজি তাকে দলে নিতে আগ্রহী হয়ে ওঠে। তবে বার্সেলোনা এখনো ফ্লিকের পরিকল্পনায় তাকে গুরুত্বপূর্ণ মনে করে, যদিও তার প্রথম একাদশে জায়গা কখনোই নিশ্চিত ছিল না।

 

 

সমর্থকরা যখন পিএসজিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন, তখন তরেস নিজেই এই গুঞ্জন নিয়ে কথা বললেন। সম্প্রতি টুডে শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের বার্সেলোনা চুক্তি নিয়ে কথা বলেন এবং তার ‘স্বপ্নের ক্লাব’ নিয়ে ইঙ্গিত দেন। অনেকে মনে করছেন তিনি হয়তো উসমান দেম্বেলের পথ অনুসরণ করতে পারেন। দেম্বেলে বার্সেলোনায় কয়েক বছর সংগ্রামের পর ব্যালন ডি’অর জিতেছিলেন।

 

 

কাতালান ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ফেররান তরেস বলেন, ‘আমার ভবিষ্যৎ? আমার এফসি বার্সেলোনার সঙ্গে চুক্তি আছে, কিন্তু ফুটবলে কিছুই নিশ্চিত নয়। আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছি।’

 

 

পরবর্তী গন্তব্য নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন, ‘আমি জানি না, এখনো জানি না। কোনো স্বপ্নের ক্লাব আছে কি? হ্যাঁ, আছে। কোনটি? আমি শুধু খুশি থাকতে চাই।’

 

বার্সেলোনা তাকে ধরে রাখতে চাইছে, ওদিকে পিএসজিও তাকে পেতে চাইছে। এই টানাপোড়েনের মধ্যে পড়ে বিষয়টাকে বেশ উপভোগ করছেন তরেস। বলছেন, ‘এই মানের দলগুলো আপনাকে চাইছে, বিষয়টা বেশ ভালো।’

 

 

বার্সেলোনা যদি তাকে শেষমেশ রেখে দিতেই চায়, তাহলে কী করতে হবে, সেটা নিজেই বুঝিয়ে দিয়েছেন তরেস। বার্সাকে ২টি শর্ত দিয়েছেন তিনি। বললেন, ‘তাদেরকে দেখাতে হবে তারা আমাকে রেখে দিতে চায়। তাদেরকে আমার সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে; এমন আলোচনা যেখানে আমাদের সবার ভালোর দিকটা দেখা হবে।’

 

 

বার্সেলোনা তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তারা ফেররান তরেসের চুক্তি নবায়ন করতে চায়। তবে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে-র নিয়মের কারণে এটা সেপ্টেম্বরের আগে সম্ভব নয়। এদিকে পিএসজির কোচ লুইস এনরিকে নাকি স্প্যানিশ স্ট্রাইকারকে খুব পছন্দ করেন, বিশেষ করে বিশ্বকাপ জয়ের পর।

 

 

শেষ সিদ্ধান্ত তরেসকেই নিতে হবে। তিনি চলে গেলে বার্সেলোনা ভালো অঙ্কের লাভ পাবে। ২০২১ সালে বার্সেলোনা তাকে ম্যানচেস্টার সিটি থেকে ৫৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল।

 

 

ফেররান তরেস বার্সেলোনা ছাড়লে তাকে দলে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে পিএসজি। বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, ফরাসি চ্যাম্পিয়নরা তাকে তাদের প্রথম পছন্দের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে দেখছে। তবে বার্সেলোনা বলছে, তরেস এখন বিক্রির তালিকায় নেই এবং শুধু সঠিক শর্ত পেলেই তারা তাকে ছাড়ার কথা ভাববে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার