হাতিরঝিলের আদলে নির্মিত আর্চ সেতু উদ্বোধনের অপেক্ষায়

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:১৫

শান্তিগঞ্জের সদরপুর

শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সংলগ্ন সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নির্মাণাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতুর কাজ এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে সেতুর মূল কাঠামো ও আর্চের নির্মাণ প্রায় সম্পন্ন হওয়ার পথে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর মাসেই যানবাহন চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়ার আশা করছে কর্তৃপক্ষ। এদিকে সেতুটি চালু হলে সিলেট—সুনামগঞ্জ মহাসড়কে যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টরা। তারা জানান, সুনামগঞ্জের সিলেট — সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় বহু বছর ধরে যানজট ও সড়ক দুর্ঘটনা ছিল নিত্যদিনের সমস্যা। নতুন আর্চ সেতু চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, বরং জেলার অর্থনীতি, পর্যটন ও বাণিজ্যিক পরিবহনেও ইতিবাচক প্রভাব পড়বে। 

 


সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকার হাতিরঝিলের নান্দনিক নকশার আদলে ৫১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১৪১.৬০ মিটার দীর্ঘ এই 'ডাবল লেন মাল্টিস্প্যান স্টিল আর্চ' সেতু। ১৩.৪০ মিটার চওড়া এ সেতুর মূল ক্যারেজওয়ে ১০.৩০ মিটার এবং উভয় পাশে ১.৫৫ মিটার করে ফুটপাত রাখা হয়েছে। ৩টি স্প্যানবিশিষ্ট সেতুটির সার্বিক কাজের প্রায় ৭০ শতাংশ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সেতুটির পাশাপাশি দুই পাশের সংযোগ সড়ক, নদী রক্ষা ব্যবস্থা ও প্রোটেক্টিভ সিসি ব্লকের কাজও করা হচ্ছে। যৌথভাবে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড ও ওয়াহিদুজ্জামান চৌধুরী।

 

 

 

 

 

 


দীর্ঘদিন ধরে সদরপুর এলাকায় সরু সেতু ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে প্রতিদিন দীর্ঘ যানজট, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং চরম ভোগান্তি পোহাতে হতো যাত্রী ও চালকদের। স্থানীয় আস্তমা গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আফাজ উদ্দিন জানান, পুরোনো সেতুটির কারণে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো। নতুন সেতুটি দ্রুত চালু হলে আমাদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে।

 


সদরপুর গ্রামের শিক্ষার্থী অনিল বিশ্বাস ও বাসিন্দা মো. মনির উদ্দিন বলেন, যানজটের কারণে শিক্ষার্থীরা সময়মতো স্কুল—কলেজে যেতে পারত না। নান্দনিক সেতুটি চালু হলে সাধারণ মানুষের ঝুঁকি কমবে এবং যাতায়াতে গতি আসবে। তবে সেতুর পাশাপাশি নদী ভাঙন থেকে আশপাশের বাড়িঘর রক্ষায় দ্রুত কার্যকর টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ বলেন, হাতিরঝিলের আদলে স্টিল স্ট্রাকচারের আর্চ ডিজাইনের কারণে সেতুটি অত্যন্ত দৃষ্টিনন্দন হবে। ১০০ মিটার সিঙ্গেল স্প্যান স্টিল আর্চের কাজ শেষের পথে। বর্তমানে আর্চ সেকশনের কাজ চলছে, যা শেষ হলেই আগামী অক্টোবর মাসের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার