টাঙ্গুয়ার হাওর

সংরক্ষিত এলাকায় নৌযান প্রবেশ ঠেকাতে লাল নিশান

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ২৩:১৮

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ইঞ্জিনচালিত নৌযান প্রবেশ ঠেকাতে লাল নিশান টানিয়ে দিয়েছে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তর। শনিবার পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক’র নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের প্রবেশ মুখগুলোতে লাল নিশান টানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন সাইফুল ইসলাম, জয়পুর গোলাবাড়ি ভিসিজি কমিটির সাধারণ সম্পাদক আহমদ কবির, ইন্দ্রপুর ভিসিজি কমিটির সভাপতি অখিল তালুকদারসহ টাঙ্গুয়ার হাওরপাড়ের বাসিন্দারা।

 


এছাড়াও হাউসবোট ও পর্যটকদের জন্য জয়পুর ও গোলাবাড়ি এলাকাতে ৬টি নির্দেশনা সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়। বিলবোর্ডে লেখা শর্তগুলো হলো— প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে অনুসরণীয় বিধি—নিষেধসমূহ—

 


হাওরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী (স্ট্র, প্লাস্টিকের প্লেট, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল) ফেলা সম্পূর্ণরুপে নিষেধ। মাইক বাজানো, হৈচৈ এবং উচ্চস্বরে গান বাজনা করা নিষেধ।সকল হাউজবোটকে জয়পুর—গোলাবাড়ি সংলগ্ন জায়গায় অবস্থান করতে হবে। ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকা এবং কোর জোনে হাউজবোট/ট্রলার প্রবেশ করতে পারবে না। হাওরে পাখি শিকার এবং ক্রয় বিক্রয় ও বহন করা আইনত দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ থেকে বিরত থাকুন।হাওরে হিজল, করচসহ সকল গাছপালা কাটা নিষেধ। উপরোক্ত বিধি—নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত—২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসুন আমরা সবাই মিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওর—কে সংরক্ষণ করি। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ ও প্রতিবেশ গড়ি।

 


পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (পুহাস) এর সভাপতি কাসমির রেজা বলেন, টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় পর্যটকবাহী হাউস বোট প্রবেশে নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশাসন যে কর্মসূচি হাতে নিয়েছে আমরা তাকে স্বাগত জানাই। পরিবেশ সুরক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে সেই প্রত্যাশা রাখছি।  আশা করি নৌযান মালিক এবং শ্রমিকরাও এ নির্দেশনা মেনে চলবেন এবং পর্যটকরাও এই বিষয়ে সচেতন থাকবেন।

 


পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, জয়পুর, গোলাবাড়ি ও রামসিংহপুর দাসপাড়া চ্যানেল দিয়ে মধ্যনগর ও কলমাকান্দা থেকে আগত নৌকাগুলোর প্রবেশ মুখগুলোতে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে। এছাড়াও হাউসবোট ও পর্যটকদের জন্য জয়পুর ও গোলাবাড়ি এলাকাতে ৬টি নির্দেশনা সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার