কাজ চলাকালেই ধস ও ফাটল!

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২২:৫৬

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তিগঞ্জ—রজনীগঞ্জ সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে এই সড়কের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হলেও, হস্তান্তরের আগেই নির্মাণাধীন ‘বসিয়াখাউরী ব্রীজ’—এর এপ্রোচে দেখা দিয়েছে মারাত্মক ধস ও ফাটল।

 


এলজিইডি সূত্রে জানা যায়, ২০২০—২১ অর্থবছরে ৮ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৬০৮ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের বসিয়াখাউরী ব্রীজের নির্মাণকাজ পায় বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স কোহিনূর এন্টারপ্রাইজ’। ২০২০ সালের ১ সেপ্টেম্বর শুরু হওয়া এ কাজটি ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার কথা ছিল।

 

 

 

 


সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রীজের উত্তর পাশের এপ্রোচে একাধিক স্থানে ধস ও বড় গর্তের সৃষ্টি হয়েছে। নিচের দিকে ব্লকগুলো এলোমেলো ও ধসে পড়া অবস্থায় রয়েছে। দক্ষিণ পাশে জেবিবি উচ্চ বিদ্যালয়ের সামনে ‘হাসকুড়ি—করেরগাঁও’ সড়ক সংযোগ অংশে ব্লকই বসানো হয়নি। ফলে হাওরের আফাল বা ঢেউয়ের আঘাতে ভাঙছে সড়ক। ঠিকাদারী প্রতিষ্ঠানের দেওয়া জোড়াতালিও খসে পড়ছে।
স্থানীয় বাসিন্দা সুরকম আলী ও মিজান মিয়া জানান, শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ছিল। বাধা দেওয়া সত্ত্বেও ঠিকাদারের লোকজন তা শোনেননি। এখন ফাটল ঢাকা দিতে নামমাত্র জোড়াতালি দেওয়া হচ্ছে, যা কিছুদিনের মধ্যেই আবার ভেঙে পড়ছে।

 


ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহদি হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, দুই বছর আগেই আমরা কাজ শেষ করেছি। কিন্তু এলজিইডি কাজ বুঝিয়ে নিচ্ছে না। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় কিছু ত্রুটি দেখা দিয়েছে, যা কয়েকদিনের মধ্যে ঠিক করে দেওয়া হবে।
এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, কাজে একাধিক ত্রুটি থাকায় তা গ্রহণ করা হয়নি এবং ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা কর্ণপাত করেননি।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কাজে ত্রুটি রেখে বিল নেওয়ার কোনো সুযোগ নেই। শতভাগ কাজ ও ত্রুটি সংশোধন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ প্রকল্প হস্তান্তর নেওয়া হবে না।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার