প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২০
তাহিরপুর উপজেলা পরিষদ থেকে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় চলাচলের রাস্তায় দুর্ঘটনা এড়াতে লাল নিশান টানানো হয়েছে। তাহিরপুর উপজেলা সদরের এই রাস্তাটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ। প্রতিদিন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী ছাড়াও পর্যটকবাহী গাড়ি এই রাস্তায় চলাচল করে। কিন্তু উপজেলা পরিষদের স্থান থেকে প্রায় ১০০ মিটার পশ্চিমের সড়কে পাকা রাস্তায় বিশাল গর্ত দেখা দেওয়ায় রাস্তার উপর দিয়ে এখন আর বড় গাড়ি যাতায়াত করতে দেখা যায় না। বর্তমানে পায়ে হেঁটে ও অটোরিক্সা দিয়ে এলাকার ছাত্রছাত্রী ও লোকজন চলাচল করে থাকেন।
ভাটি তাহিরপুর গ্রামের আটো রিক্সা চালক ফারুক মিয়া জানান, রাস্তাটিতে বড় ধরনের গর্ত থাকায় এখন আর রাস্তা দিয়ে বড় ধরনের যানবাহন চলাচল করতে পারে না। দুর্ঘটনা এড়াতে আটোরিক্সাও সাবধানে চালাতে হয়। তিনি আরও জানান, রাস্তাটি ক্ষুদ্র মেরামতে ১৫টি মাটি ভর্তি বস্তা ও সতর্কতার জন্য লাল নিশান টানাতে স্থানীয় যুবক আবুল হাসান তাদের সহযোগিতা করেছে।
তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদ তৌফিক জানান, তিনি তাহিরপুর বাজারে প্রতিদিন আসা যাওয়া করেন এই রাস্তা দিয়ে। গুরুত্বপূর্ণ রাস্তায় গর্ত থাকার কারণে এলাকার লোকজন তো এ রাস্তা দিয়ে চলাচল করতে পারেই না এমনকি উপজেলা প্রশাসনের গাড়িও এ রাস্তার উপর দিয়ে চলাচল করতে পারে না। রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে মেরামতের জন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানান।
রাস্তায় চলাচলকারি গোবিন্দশ্রী গ্রামের লুৎফুর রহমান লাকসাব বলেন, রাতের বেলায় এ রাস্তায় আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করতে হয়।
ভাটি তাহিরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান বলেন, রাস্তাটি মেরামরতের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করেছেন। দ্রুত সময়ের মধ্যেই কাজটি মেরামত ও সংস্কার করা হবে বলে তিনি জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, তাহিরপুর উপজেলা পরিষদ—তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় রাস্তার গর্তের স্থানটি মেরামতের জন্য উপজেলা পরিষদের মাসিক সভায় আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে উপজেলা পরিষদের টাকায় দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক বলেন, রাস্তাটি মেরামত ও সংস্কারের জন্য উপজেলা সমন্বয় সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ করার জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দিয়েছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন