প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫১
তাহিরপুরে এলাকার যুবকদের স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে মাহতাবপুর—বাদাঘাট রাস্তা। উপজেলার বৃহৎ বাণিজ্যিক এলাকা বাদাঘাট বাজারে যাতায়াতে একমাত্র এই রাস্তা দিয়ে বালিজুরী ইউনিয়ের লোকজনসহ আশপাশ এলাকার লোকজন চলাচল করেন।
বিগত প্রায় দুইবছর ধরে মাহতাবপুর—বাদাঘাট রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী ছিলো। সম্প্রতি বিষয়টি মাহতাবপুর গ্রামের যুবকদের নজরে এলে তারা একত্রিত হয়ে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে মেরামত করেন। এই রাস্তাটি তাহিরপুর উপজেলায় যাওয়ার বাইপাস রাস্তা হিসাবে ব্যবহার করে থাকেন বাদাঘাট ইউনিয়নের লোকজন। তাই রাস্তাটি পুরো বর্ষাকালে কাদামাটি থাকায় চলাচলে সাধারন মানুষের ভোগান্তি পোহাতে হয়। মাহতাবপুর— বাদাঘাট রাস্তাটি মেরামত সম্পন্ন হওয়ায় এখন এ রাস্তা দিয়ে মোটরসাইকেল সহজে চলাচল করতে পারবে লোকজন।
রাস্তাটি মাহতাবপুর গ্রামের বিপ্লব হাসান ইমন, মো. আসাদুল হক, মো. রুহুল আমিন, মো. রফিক মিয়া, মো. মখলু মিয়া, মো. ছয়ফুল ইসলাম, মো. দিদার হোসেন মেরামত করেছেন। রাস্তাটি মেরামত করতে তারা কারো নিকট থেকে কোন টাকা বা সহযোগিতা নেননি। তারা নিজরাই স্বেচ্ছাশ্রমে কাজ করে রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী করে তুলেছেন।
মাহতাবপুর গ্রামের যুবক বিপ্লব হাসান ইমন বলেন, মাহতাবপুর— বাদাঘাট রাস্তাটি বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেনের উদ্যোগে রাস্তাটি নির্মাণ করা হয়। পরবর্তীতে লোকজন চলাচলের জন্য রাস্তার উপর ইট সলিং করে দেয়া হয়। ইট সলিংয়ের পর এ রাস্তার উপর দিয়ে অটোরিক্সা ও মোটরসাইকেলে লোকজন যাতায়াত করতো। এ বছর বর্ষার শুরুতে রাস্তার ৩০০ মিটার জায়গা ইট সরে গিয়ে গর্ত ও কাদা জমে থাকায় রাস্তা দিয়ে লোকজন চলাচল একেবারেই বন্ধ ছিলা।
তিনি আরও জানান, রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরমতের পর শুক্রবার বিকাল ৩টা থেকেই অটোরিকশা ও মোটরসাইকেল যথারীতি চলাচল করছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন