তাহিরপুর

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১৫:৫২

ছবি -সু.খবর

তাহিরপুরে মসজিদের মাইকে পূর্ব ঘোষণা দিয়ে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পাঁচ গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। যদিও পুলিশ বলছে, সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। বুধবার সকালে বিভিন্ন গ্রামের লোকজন মাঠে জড়ো হলেও সেখানে পুলিশ উপস্থিত থাকায় তখন কোনো সংঘর্ষ হয়নি। পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে গ্রামজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।

তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, রাতে মাইকিং করার পর সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ ছিল। এ কারণে সকালে কোনো সংঘর্ষ হয়নি। দুপুরে এক পক্ষ নৌকাযোগে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

তিনি আরও বলেন, মসজিদে মাইকিং করে যারা সংঘর্ষে উসকানি দিয়েছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার