প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ২২:৫৫
শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে গেল সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। নতুন প্রতিষ্ঠিত এই স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন চিকিৎসাসেবার পরিধি বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা বাড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতি মাসের মতো গত সেপ্টেম্বর মাসেও গর্ভবতী নারীদের নিয়মিত প্রসূতিসেবা দেওয়া হয়েছে। এ সময় মোট ৭৪ জন গর্ভবতী নারীর নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় নিরাপদে এসব প্রসব সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, উপজেলা পর্যায়ের এই হাসপাতালে প্রসূতিসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা পাওয়ায় এখন অনেক রোগীকেই জেলা শহর কিংবা দূরের হাসপাতালে যেতে হচ্ছে না। এতে রোগীদের সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হচ্ছে। বিশেষ করে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ায় স্থানীয় গর্ভবতী নারীদের মধ্যে সরকারি এই হাসপাতালের প্রতি আগ্রহ ও আস্থা তৈরি হচ্ছে।
স্থানীয়দের মতে, উপজেলা পর্যায়ে মানসম্মত প্রসূতিসেবা নিশ্চিত করা গেলে জেলা শহরের হাসপাতালগুলোর উপর চাপ কমার পাশাপাশি দুর্গম এলাকার নারীরাও সহজে চিকিৎসাসেবা পেতে পারেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান বলেন, হাসপাতালটি নতুন প্রতিষ্ঠিত হলেও চিকিৎসাসেবার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অন্যান্য উপজেলা হাসপাতালের তুলনায়ও আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রতিটি রোগীকে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, হাসপাতালের সব বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। বিশেষ করে প্রসূতিসেবাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন