প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১১:৫৫
সংগৃহীত ছবি
স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশটির উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) স্পেনের সেভিলে তৃতীয় বাংলাদেশ-স্পেন এক্সপো ২০২৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ওষুধ, চামড়া ও জুতা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত উৎপাদনশিল্পে বাংলাদেশে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আন্দালুসিয়া সরকারের মন্ত্রী, সিনেটর, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এক্সপোতে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাটজাত পণ্য, রাসায়নিক ও গৃহস্থালির সামগ্রীসহ বিভিন্ন খাতের প্রায় ৪০টি বাংলাদেশি ও স্প্যানিশ প্রতিষ্ঠান নিজেদের পণ্য প্রদর্শন করে।
শামা ওবায়েদ ইসলাম দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগের প্রশংসা করেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ রপ্তানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। এ ছাড়া বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের বৈশ্বিক বাজারে সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
তার মতে, আধুনিক ফ্যাশন, নকশা ও পরিবেশবান্ধব পণ্য তৈরিতে পাটের উদ্ভাবনী ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, নকশা, ফ্যাশন ও সাংস্কৃতিক শিল্পসহ সৃজনশীল অর্থনীতির বিকাশ উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।
এক দিনব্যাপী এ এক্সপোর লক্ষ্য বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার করা, স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই উৎপাদনে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা। আয়োজকদের আশা, এ উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
সূত্র: যুগান্তর.কম
জাতীয় থেকে আরো পড়ুন