পোস্টাল ভোটে আগ্রহ নেই কারাবন্দীদের

প্রকাশিত: ০৫ জানুয়ারি, ২০২৪ ০৭:৪৬

নির্বাচনে ভোট দেয়া সকল ভোটারের গণতান্ত্রিক অধিকার। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে সবাই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থাকলেও কারাগারে বন্দী থাকা আসামীরা ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেন না। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিবারের মতো এবারও কারাগারে আটক বন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন।


সুনামগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, প্রায় সাড়ে পাঁচশো বন্দী আছেন কারাগারে। যারা চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারতেন। কিন্তু তাদের মধ্যে কেউ নির্বাচনে ভোট দেয়ার আগ্রহ দেখাননি। 


গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয় কারাবন্দিদের জন্য। নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদনের শেষ সময় ছিল ৩০ ডিসেম্বর। এর মধ্যে সুনামগঞ্জে পোস্টাল ভোটের আবেদন পড়েছে ৫৭৯ টি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে করা এই আবেদনগুলোতে সুনামগঞ্জ জেলা কারাগারের ভেতর আটক থাকা কোনো বন্দীর ভোট দেয়ার আবেদন নেই। কারাগারে ভেতরে থাকা কোনো বন্দি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ দেখাননি। 


বন্দীদের ভোটের ব্যাপারে সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলমের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে জেলার হুমায়ুন কবির বলেন, আমরা সকল বন্দীদের ভোট দেয়ার ব্যবস্থার বিষয়ে জানিয়েছি। কিন্তু কেউ আগ্রহ দেখাননি। ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করে কেউ আবেদনও করেনি। 


জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কারাবন্দীদের পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ রাখা হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিভিন্ন কতৃর্পক্ষ থেকে ৫৭৯ টি পোস্টাল ভোটের আবেদনও করা হয়েছে। তবে সেখানে কারাগার থেকে কোনো ভোটের আবেদন আসেনি। অন্যান্য যেগুলো এসেছে সেগুলো রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবেন।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার