নৌকার ব্যানার- পোস্টার সরালেন সাদিক 

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৪ ০৫:০৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার—প্রচারণার অংশ হিসেবে শহর জুড়ে সাঁটানো হয়েছিল প্রার্থীদের ব্যানার—পোস্টার। এবারের নির্বাচনে সুনামগঞ্জ— ৪ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নৌকা ও লাঙ্গল প্রতীকের  দুজন প্রার্থী। অন্য ৪ জন প্রার্থী হলেও খুব একটা প্রচার প্রচারণায় না থাকায় তাঁদের পোস্টার তুলনামূলক কম ছিল।  ভোটের পরদিন রাত থেকেই শহরকে পরিষ্কার ও সুন্দর রাখতে নব নির্বাচিত এমপি ড. মোহাম্মদ সাদিক নিজ উদ্যোগেই নৌকা প্রতীকের নিজের ব্যানার— পোস্টার নামিয়ে ফেলেছেন। এসব ব্যানার পোস্টার রেখে শহরবাসীর বিরক্তির কারণ হতে চাই না বললেন তিনি। ড. মোহাম্মদ সাদিকের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সুনামগঞ্জের সচেতন মহল। 


নির্বাচনের পরদিন সোমবার রাত থেকেই নিজস্ব শ্রমিক দিয়ে ব্যানার পোস্টার নামানোর কাজ শুরু করা হয়। এদিন মধ্যরাত সাড়ে ১২ টার দিকে শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ারে একটি ট্রাক নিয়ে ৪ জনের একটি দল ব্যানার— পোস্টার নামানোর কাজ করতে দেখা যায়। বিভিন্ন জায়গায় লাগানো নৌকা প্রতীকের ব্যানার— পোস্টার নামাচ্ছিলেন তারা। শহরের পুরাতন বাসস্টেশন থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত অন্যান্য ব্যানার পোস্টার ঝুলানো থাকলেও নৌকা প্রতীকের ড. মোহাম্মদ সাদিকের কোনো ব্যানার—পোস্টার দেখা যায় নি।  


পথচারী কয়েকজন দাঁড়িয়ে এসব কাজ দেখে বললেন, নির্বাচনের আগে এগুলো দেখলে নির্বাচনী উৎসব মনে হলেও নির্বাচনের পর শহরে এসব ঝুলে থাকলে বিচ্ছিরি দেখা যায়। সুনামগঞ্জের আলোকিত মানুষ ড. মোহাম্মদ সাদিক  ভোটের পরের দিনই তাঁর রুচির পরিচয় দিচ্ছেন। পৌরসভা বা প্রশাসনের অপেক্ষা না কেও, নিজ উদ্যোগেই ব্যানার—পোস্টার সরিয়ে নিচ্ছেন। 


পোস্টার নামানোর দায়িত্বে থাকা আব্দুল মালেক বলেন, আমাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে নৌকার যত ব্যানার পোস্টার শহরে আছে, সবগুলো নামিয়ে ফেলতে। নির্দেশনা অনুযায়ী আমরা ব্যানার—পোস্টার নামানোর কাজ করছি। সারারাতে চেষ্টা করবো, সবগুলো সরিয়ে ফেলার। না পারলে পরেও করবো। 
সচেতন নাগরিক কমিটি (সনাক)’এর সভাপতি যোগেশ্বর দাশ বলেন, একজন প্রার্থী নির্বাচনের পর তার ব্যানার পোস্টারগুলো সরিয়ে নিবেন এটাই উচিত। শুধু ড. সাদিক নয় সবার উচিত এই কাজ করা। ড. সাদিকের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। 


নব নির্বাচিত এমপি ড. মোহাম্মদ সাদিক বললেন, নির্বাচনী শিষ্টাচার হলো তিনদিনের মধ্যে এগুলো পরিস্কার করে দেওয়া। মানুষ ভালবেসে আমাকে ভোট দিয়েছেন। তারা এখন আর অপ্রয়োজনীয় এই অস্বস্তিকর পোস্টার—ব্যানার দেখতে চান না। এই আবর্জনা রেখে আমি মানুষের বিরক্তির উদ্রেক ঘটাতে চাই না। এজন্য সোমবার রাত থেকেই আমার ভালোবাসার শহরসহ সকল এলাকা থেকে পোস্টার নামানোর কাজ শুরু করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার