ছাগলকাণ্ড

বিচার শালিসে উত্তেজনা, হামলায় আহত ৩

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩ ০৮:৪৫

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে ছাগলকা-ের ঘটনার নিষ্পত্তি করতে শালিসে বসে একজনের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে এক পক্ষের হামলায় দুই মহিলাসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।  
ঘোড়াডুম্বুর গ্রামের আরিজ উল্লাহর ছেলে ছাত্তার মিয়ার পক্ষের আহতরা হলেন মানিক মিয়ার দুই মেয়ে আনছারুন বেগম (৩০) ও ইয়াছিরুন বেগম (২৬)। এরমধ্যে ইয়াছিরুন বেগম গর্ভবতী বলে জানিয়েছে একাধিক সূত্র। অপর আহত ব্যক্তি একই গ্রামের বাদশা মিয়ার ছেলে আমিনুর রহমান পক্ষের গিয়াস উদ্দিন (৪৫)। তিনি বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এই পক্ষের আলী হোসেন। গিয়াস উদ্দিন সম্পর্কে তার ভাই হন বলে জানান তিনি।
শালিস ব্যক্তিত্ব ও স্থানীয়রা জানান, গত শুক্রবার ঘোড়াডুম্বুর গ্রামে ছাগলের গায়ে কাদা লেপে দেওয়াকে কেন্দ্র করে আমিনুর রহমান ও ছাত্তার মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছিলেন। দুইপক্ষের চলমান বিরোধ মিমাংসা করতে মঙ্গলবার উভয় পক্ষের সম্মতিতে শালিস ডাকা হয়। শালিসে সব কিছুই ঠিকঠাক ছিলো।
ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটালে অর্থদ- করার হুঁশিয়ারিও দিয়েছিলেন শালিসি ব্যক্তিরা। শেষের দিকে দিকে ছাত্তার মিয়ার পক্ষের এক মহিলা স্বেচ্ছায় ‘স্টেইটমেন্ট’ বা ঘটনার বর্ণনা দিতে চান। তাকে সুযোগ দেওয়া হলে তিনি অপরপক্ষের লোকদেরকে বাজেভাবে সম্বোধন করতে থাকেন এবং অপমানজনক কথা বলেন। এতেই শালিসে উপস্থিত থাকা আমিনুর রহমান পক্ষের একদল তরুণ উত্তেজিত হয়ে শালিসস্থল ত্যাগ করে ছাত্তার মিয়ার পক্ষের মানুষের বাড়িতে হামলা চালায় ও ইট, পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় দুইজন মহিলাসহ তিন জন আহত হয়েছেন। উপস্থিত শালিস ব্যক্তিরাই উভয়পক্ষকে নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 
আমিনুর রহমানের পক্ষের মো. আলী হোসেন বলেন, একজন মহিলা বাজেভাবে স্টেইটমেন্ট দেওয়া শুরু করলে, উত্তেজনা ছড়িয়ে পড়ে। যারা মারামারি করেছে আমি তাদেরকে বকাবকি করেছি, শাসিয়েছি। আমাদেরও তাদের পক্ষের লোকজন হাসপাতালে আছেন। আগামী শনিবার আবার বিচার হবে। আপাতত তাদের চিকিৎসা করানো হচ্ছে। 
পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মজিদুর রহমান মধু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিচারে ছিলাম। সবকিছু ঠিকই ছিলো। একজন মহিলার বক্তব্যকে কেন্দ্র করে ছাত্তার মিয়ার পক্ষের লোকদের উপর চড়াও হয় আমিনুর রহমান পক্ষ। এটি কাম্য নয়, খুবই লজ্জার বিষয়।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম বললেন, যে মহিলা উগ্র বক্তব্য দিয়েছেন তার বক্তব্য আমলে নেওয়া হয় নি। পরে শুনি আমিনুর পক্ষের যুবকরা বিচারস্থল ত্যাগ করে একটু দূরে মারামারিতে লেগে যায়।  আগামী শনিবার আবার বসা হবে। আশাকরি ভালভাবে শেষ হবে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, পুলিশ পাঠিয়ে ঘটনা নিয়ন্ত্রণে এনেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার