নারীর রাজনৈতিক ক্ষমতায়নে চেয়ারম্যানদের ভূমিকা 

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:১৭

নারীরা এক সময় অবহেলিত ছিল। রাজনৈতিক, সামাজিক এবং জনপ্রতিনিধি হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হয়েও নারীরা সুযোগ সুবিধা পেত না। স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অবহেলার চোখে দেখা হতো। বর্তমান সরকার বিগত পনের বছরে একটা পরিবর্তন ঘটিয়েছেন। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও নারীদের অধিকার এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। এ বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন বিশ^ম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন ও বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া। 


সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য পুরুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষদের সহযোগিতা ছাড়া নারীরা পুরুষের সাথে সমান তালে কাজ করতে পারে না। একসময় ইউনিয়ন পরিষদে নারীরা নির্বাচিত হওয়ার পরও তাদের দূরে রাখা হতো। তাদের বিভিন্ন কমিটিতে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণের বেলায় তাদের রাখা হতো না। মূলত তাদের অলংকারের মতো ব্যবহার করা হতো। স্থানীয় পর্যায়ে রাজনীতিতে তাদের অংশগ্রহণ কম ছিল। জাতীয় নির্বাচনের বেলায়ও তাদের মূল্যায়ন করা হতোনা। মেধা, মনন ও শিক্ষায় নারীরা এগিয়ে থাকলেও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার সাথে প্রতিমুহূর্তে নীরবে সংগ্রাম করে নারীদের কাজ করতে হতো। তবে বর্তমান সরকার র্দীঘদিন ধরে নারীর ক্ষমতায়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা বিশেষ করে ‘অপরাজিতা’ প্রকল্প তৃণমূলের নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছে। সলুকাবাদ ইউনিয়নে ১৭ জন নারী অপরাজিতা নেটওয়ার্ক গঠন করেছেন। প্রতি তিনমাস পর পর নিজেদের উদ্যোগে ইউনিয়ন পরিষদে সভা পরিচালনা করা হয়। এই নেটওয়ার্কের মাধ্যমে নারীরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং একসাথে তাদের দাবি উত্থাপন করছেন। ইউনিয়ন পরিষদে পুরুষের পাশাপাশি নারীরা পরিষদের সকল কাজে অংশগ্রহণ এবং বিভিন্ন কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করছেন। 


হাওড় বেষ্টিত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবাব মিয়া বলেন, নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচিত হয়ে পরিষদে আসেন। যাদের অনেকেই অনভিজ্ঞ, অনেক কিছুই জানেন না। রাজনৈতিক ক্ষেত্রেও তাদেরকে দায়িত্ব দেওয়া হলেও অনেক সময় টিকে থাকতে পারে না। অনেক বঞ্চনা ও লাঞ্চনার শিকার হতে হয়। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে নিলে তারা সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে মনে করি। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাই নারী শক্তিকে কাজে লাগাতে হলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন করতে হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদেরকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে। ‘অপরাজিতা’ প্রকল্প নারীদের অধিকার, নারীদের ভূমিকা কি, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে কি করতে হবে, কি কি সুবিধা রয়েছে, আইনে কি কি বলা আছে সেসব বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। সেই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা পূর্বের চেয়ে এখন অনেক সংগঠিত ও শক্তিশালী হয়েছেন। নারীরা জনপ্রতিনিধি হিসেবে এবং রাজনীতির মাঠে থেকে সমাজে নেতৃত্ব দিচ্ছে। আমরা পরিষদের পক্ষ থেকে যথাসাধ্য নারীদেরকে সহায়তা করি। নারীরদেরকে আমি বলব, শুধু সংরক্ষিত আসন নয়— সাধারণ আসনে নির্বাচন করুন। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার