বাউল কলিম শাহ’র আসরে মানুষের ঢল 

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০৭:০৮

বাউল গান আমাদের সংস্কৃতির ঐতিহ্য। শীত এলেই গ্রামে গ্রামে বসে বাউলগানের আসর। প্রায় প্রত্যেক গ্রামে গ্রামে আসর জমান গানপাগলরা।  বাউল গানে ফুটে ওঠে আবহমান গ্রাম বাংলার সুখ দুঃখ, প্রেম—বিরহ,  হাসি—কান্নার গল্প।  যার কারণে প্রতিটি আসরেই সকল শ্রেণি—পেশার গানপ্রেমী মানুষের সমাগম ঘটে। এমনই এক বাউল গানের আসর জমেছিল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর উচারগাঁও গ্রামে। 


রবিবার রাতে ইংল্যান্ড প্রবাসী আবুল আজাদের আয়োজনে রাত ব্যাপি চলে এই বাউল গানের আসর। সাদকপুরের বাউল সংগঠন কলিম শাহ বাউল সংঘের উদ্যোগে প্রত্যেকবছর ফাল্গুন মাসের প্রথম রবিবার এই বাউল গানের আসর আয়োজন করা হয়। প্রত্যেক বছর আয়োজন করায় ওই এলাকার ঐতিহ্য হিসেবে রূপ নিয়েছে এই বাউল আসর। স্থানীয় বেশ কয়েকটি গ্রামের মানুষ সারাবছর মুখিয়ে থাকেন কলিম শাহের বাউল আসরের জন্য। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে গান গেয়েছেন দেশের জনপ্রিয় বাউল শিল্পী সাজ্জাদ নুর, বাউল লতিফ সরকার, শাহ আলম। এছাড়াও বাউল নেতা শাহজাহান, ম্যাজিক বাউলিয়ানার ফয়সল সহ সিলেট সুনামগঞ্জের শতাধিক শিল্পী ভোর পর্যন্ত মাতিয়ে রেখেছেন আসর। জনপ্রিয় এসব বাউল শিল্পীর গান শুনতে উপচে পড়া ভিড় লেগেছিল। নির্ধারিত জায়গায় থেকে গানে মজেছিলেন নারীরাও। নারী—পুরুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল আসর। তীল ধারণের ঠাঁই ছিলো না পুরো জায়গায়। মাঠের বাইরে গিয়ে আশপাশে থাকা গাছে উঠেও মানুষ উপভোগ করেছেন বাউল গান। 
এই আসরে পরিচিতি এতো সমাদৃত হয়েছে যে সুনামগঞ্জের বাইরে সিলেট থেকেও মানুষ এসেছিলেন গান শুনতে। অনুষ্ঠান স্থলে কথা হয় সিলেট থেকে আসা যুবক আব্দুস সামাদ আফিন্দীর সাথে। তিনি বলেন, কলিম শাহের গানের আসর এখন লোকমুখে। আজাদ সাহেব এতো যত্নের সাথে অনুষ্ঠান আয়োজন করেন, যে দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা একটা প্রাইভেট গাড়ি নিয়ে ৭ বন্ধু এসেছি গান শুনতে। 


স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, এই আসর এখন আমাদের এলাকার উৎসবে পরিণত হয়েছে। বছরের একদিন আমরা এই উৎসব পালন করি। বাউল গান আমাদের প্রাণের গান। তাই এই আসরে না এসে থাকা যায় না। 


বাউল আসর ঘিরে বসেছিল গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের খাবার, খেলনা, কসমেটিকসহ বিভিন্ন প্রসাধনী নিয়ে দোকান খুলেছিলেন অর্ধশত ক্ষুদ্র ব্যবসায়ীরা। ছোট বাচ্চা, মহিলা সহ সকল বয়সের মানুষ ভিড় জমাচ্ছিলেন মেলায়। একদিকে গান অন্যদিকে মেলায় উৎসবে মেতেছিলেন সবাই। 


আয়োজক কলিম শাহ বাউল সংঘের আয়োজক আবুল হান্নান বলেন, কলিম শাহ একজন পীর ছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে প্রত্যেক বছর তার নাতি আবুল আজাদ এই আসরের আয়োজন করেন। বাউল গানকে আমরা ভালোবাসি তাই বছরের একদিন উৎসবের মতো করে আয়োজন করি। এছাড়াও প্রত্যেক মাসেই গ্রামীণ পরিবেশে আমাদের বাউল আসর বসে। বাউল গান ছাড়াও আমাদের সংগঠনের মাধ্যমে অসহায়দের সাহায্য, শিক্ষা উপকরণ দেয়া, খেলাধুলার আয়োজন সহ সামাজিক কাজ করে যাচ্ছি। 


কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আবুল আজাদ বলেন, গানে মিলে প্রাণের সন্ধান। গানকে আমি খুবই ভালোবাসি। বিশেষ করে বাউল গানকে মনে প্রাণে লালন করি, ধারণ করি। লন্ডনেও আমরা বাঙালিরা বাউল গানের আসর জমাই। আর বছরের ফাল্গুন মাসের প্রথম রবিবার দেশে আমাদের সংগঠন কার্যালয়ে বাউল গানের উৎসব পালন করা হয়। আমাদের এলাকার মানুষের রক্তের সাথে মিশে গেছে এই উৎসব। আমারও অনেক আনন্দ লাগে, খুশি হই মানুষের এই আনন্দ দেখে। সংস্কৃতির সেবায় আমি সব সময় এগিয়ে আসবো।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ফরহাদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক শামস শামিম, ইংল্যান্ড প্রবাসী শামসুদ্দিন সামাদ, কলিম শাহ বাউল সংঘের সহ সভাপতি বাউল তসকির আলী, আক্কল হোসেন, যুগ্ম সম্পাদক সাজাদ আহমেদ ফাহিম সহ স্থানীয় সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার