প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৩ ০৪:২৬
দৈনিক সুনামগঞ্জের খবরের প্রতিনিধি সম্মেলনে বক্তারা
‘দৈনিক সুনামগঞ্জের খবর জেলার আয়না স্বরূপ। সকল মানুষের হৃদয়ে পৌঁছে গেছে পত্রিকাটি। সব শ্রেণি পেশার মানুষের অধিকারের কথা কালো অক্ষরে ফুটিয়ে তুলছে দৈনিক সুনামগঞ্জের খবর। ১১ বছরের পথ চলায় দৈনিকটি জেলার সব মহলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রম, সততা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের জন্যই দৈনিক সুনামগঞ্জের খবর এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। নিজস্বতা ধরে রেখে দিন দিন এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জের খবর। পত্রিকাটির প্রতিনিধি হিসেবে যারা কাজ করছেন তারাও নিজ নিজ এলাকায় একেকজন গ্রহণযোগ্য গণমাধ্যমকর্মী, মূল ধারার সাংবাদিক হিসেবে সর্বজনবিদিত। সুনামগঞ্জের খবরকে নিয়ে আলোচনা-সমালোচনাসহ সবকিছু করা যায় কিন্তু উপেক্ষা করা যায় না। জেলার সকল মানুষের শোক, দুঃখ, আনন্দ-বেদনা একসাথে পাওয়ার সর্বোৎকৃষ্ট ক্ষেত্রটাই হচ্ছে দৈনিক সুনামগঞ্জের খবর। সকল বাধা পেরিয়ে সুনামগঞ্জের খবর এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যাশা আমরা আরও অনেকদূর এগিয়ে যাবো। আমাদের লক্ষ্য আঁধার ছেড়ে আলোর সন্ধান করা, আমরা তা সফল ভাবেই করছি এবং করে যাবো অনাদিকাল।’
আগামীকাল ৩০ জুলাই দৈনিক সুনামগঞ্জের খবরের একাদশ বর্ষপূর্তি এবং দ্বাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার সকাল ১০ টায় জেলার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক ও কবি কুমার সৌরভ। পত্রিকাটির সম্পাদক পঙ্কজ কান্তি দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম, বার্তা সম্পাদক সজীব দে, চীফ রিপোর্টার ও এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, সিনিয়র রিপোর্টার ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার এ.আর. জুয়েল, সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুর রহমান আসাদ, সোহানুর রহমান সোহান, মোশফিকুর রহমান স্বপন, শান্তিগঞ্জের অফিস প্রধান কাজী জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ প্রতিনিধি সোহেল তালুকদার ও ইয়াকুব শাহরিয়ার, দোয়ারা বাজার প্রতিনিধি মো. আশিক মিয়া, ছাতক উপজেলা প্রতিনিধি বিজয় রায়, জামালগঞ্জ প্রতিনিধি মো. ওয়ালি উল্লাহ্ সরকার, বিশ্বজিত রায়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি স্বপন কুমার বর্মন, সালেহ্ আহমদ, তাহিরপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, এম এ রাজ্জাক, শাল্লা প্রতিনিধি পিসি দাশ, দিরাই প্রতিনিধি আবু হানিফ চৌধুরী ও হিল্লোল পুরকায়স্থ, মধ্যনগর প্রতিনিধি রাসেল আহমদ, দৈনিক সুনামগরেঞ্জর খবরের স্টাফ রিপোর্টার কামরান আহমদ, এনামুল হক জুবের।

দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক ও কবি কুমার সৌরভ প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, কাজ করার জন্য কোনো পদ পদবির প্রয়োজন হয় না। আমি চেষ্টা করি নিভৃতে কাজ করে যাওয়ার। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক সুনামগঞ্জের খবর দাঁড়িয়ে আছে। এখন আমাদের সমাজে রাজনীতিসহ সব শক্তিই দুর্বল হয়ে আসছে। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষের কথা এখন আর কেউই বলেন না। শুধুমাত্র গণমাধ্যমই অসহায় মানুষদের কথা বলতে পারে। সাধারণ মানুষ সম্পর্কিত সংবাদ করুন। সুনামগঞ্জের খবর এ ধরনের সংবাদ প্রকাশের জন্য মুখিয়ে থাকে। মন দিয়ে কাজ করুন। আশা করছি আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় সুনামগঞ্জের খবর এগিয়ে যাবে।

দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে বলেন, আমাদের সকলের প্রচেষ্ঠায় সুনামগঞ্জের খবর এখন সিলেট অঞ্চলের অন্যতম পাঠকপ্রিয় গণমাধ্যম। কাগুজে, অনলাইনে এবং ডিজিটাল মাধ্যমে আমরা মানুষের আস্থা ও ভালোবাসার কিছুটা হলেও অর্জন করেছি। বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রায় একযুগ পার করেছি আমরা। এই ধারা অব্যাহত থাকবে। গেল তিন বছর বর্ষপূর্তির সংখ্যা করা যায় নি। এবার সকলে মিলে সেটি করার চেষ্টা করবো। তিনি বলেন, সবসময় মনে রাখবেন পাঠকই আমাদের শক্তি। পাঠককে অসন্তুষ্ট করে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা শক্তি কেন্দ্রকে খুশী করার সংবাদ ছাপা থেকে আমাদের সকলকেই বিরত থাকতে হবে। সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক সংবাদ বেশি করে পাঠানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি খলিল রহমান বলেন, সুনামগঞ্জ জেলার জন্য দৈনিক সুনামগঞ্জের খবর একটি নক্ষত্র। জেলার মানুষের শোক, দুঃখ, আনন্দ-বেদনা এবং অর্জন সব কিছুতেই দৈনিক সুনামগঞ্জের খবর অংশিদার। সুনামগঞ্জের খবরকে নিয়ে আলোচনা-সমালোচনাসহ সব কিছু করা যায়, কিন্তু উপেক্ষা করা যায় না। ইদানিং সুনামগঞ্জের খবর আরও ভালো কাজ করছে। শান্তিগঞ্জ উপজেলার উদাহরণ টেনে তিনি বলেন, বেশ কয়েকটা ঘটনা ঘটেছে শান্তিগঞ্জে। সবগুলো ঘটনার অদ্যোপান্ত জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। সংবাদের ফলোআপ থাকাটা হচ্ছে একটি পত্রিকার পেশাদারিত্ব। এভাবে সব উপজেলার সকলেই কাজ করতে হবে। সুনামগঞ্জ জেলার স্বার্থে আমরা সবাই কাজ করবো। সকল গণমাধ্যমকর্মীরা ভালো কাজ করছেন বলেই সুনামগঞ্জের খবরও ভালো আছে।

দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক মাহবুবুল হাছান শাহীন আগত প্রতিনিধিদের দাবি পূরণ করা হবে জানিয়ে বললেন, প্রতিনিধিরা হচ্ছেন একটি পত্রিকার প্রাণ। আপনারা মনোযোগ দিয়ে কাজ করুন। আপনাদের যেসব দাবি দাওয়া আছে, তা আমরা পূরণ করবো। মনে রাখবেন, সাংবাদিকতার মাধ্যমেই একজন সাংবাদিক সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যান। তাই আমাদেরকে আরও বেশি বেশি করে কাজ করতে হবে।

ইতিবাচক সংবাদ করার প্রতি গুরুত্ব দিয়ে সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ইতিবাচক চিন্তা ভাবনা সমাজকে বদলে দেয়। তাই, সংবাদ লেখার সময় ইতিবাচক সংবাদকে গুরুত্ব দিতে হবে। নিষ্ঠার সাথের দায়িত্ব পালন করতে হবে। কারো দ্বারা প্ররোচিত হওয়া যাবে না। যে সংবাদ মানুষকে স্বপ্ন দেখায়, সে সংবাদ প্রচারের প্রতি গুরুত্ব দিতে হবে। সামনে নির্বাচন, এই নির্বাচনকে মাথায় রেখে সকলকেই কাজ করতে হবে।

বার্তা সম্পাদক সজীব দে বলেন, আগামী ৩০ জুলাই দৈনিক সুনামগঞ্জের খবরের একাদশ বর্ষপূর্তি ও দ্বাদশ বছরে পদার্পন করবে। আপনাদের আন্তরিক সহযোগিতার কারণে দৈনিক সুনামগঞ্জের খবর নিজের যাত্রা শুরুর একাদশ বছর শেষ করে দ্বাদশ বছরে পা রাখতে যাচ্ছে। জেলার শীর্ষ এই দৈনিকটিকে টিকিয়ে রাখতে সব সময় আমাদের পাশে ছিলেন আপনারা। আপনারা এই পত্রিকার অবিচ্ছেদ্য অংশ। পত্রিকার সার্বিক মান রক্ষার বিষয়ে আমরা সবসময় সচেতন থাকার চেষ্টা করেছি। তবে ভালো করার শেষ নেই। প্রিন্ট এবং ডিজিটাল মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমরা আরও সক্রিয় হতে চাই, সেজন্য আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কামনা করি।
দৈনিক সুনামগঞ্জের খবরের চিফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার এ.আর. জুয়েল বলেন, দৈনিক সুনামগঞ্জের খবর আমাদের বাতিঘর। আমরা এই প্রতিষ্ঠানের তৈরি করা মানুষ। শুরু থেকে সুনামগঞ্জের খবর সাধারণ, অসহায় ও বঞ্চিত মানুষের কথা বলে আসছে। সাংবাদিকরা সাধারণ মানুষের কথা বলে সুনামগঞ্জের খবর তার প্রমাণ। দৈনিক সুনামমগঞ্জে খবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ সাংবাদিকদ্বয় বলেন, পত্রিকাটি আমাদের শেকড়।

দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার সাইদুর রহমান আসাদ বলেন, দৈনিক সমুনামগঞ্জের খবর ছাপা সংস্করণ, অনলাইন সংস্করণের পাশাপাশি ভিডিও ফর্মেটেও ব্যাপকভাবে কাজ করছে। ইতোমধ্যে তা সারা ফেলেছে। আমরা ফেসবুকেও খুবই গুরুত্ব দিয়ে কাজ করছি। আমাদের ডিজিটাল ফর্মেট জেলার সবচেয়ে বেশি ফলোয়ার টানতে সক্ষম হয়েছে। জেলার সবচেয়ে বেশি দর্শকও আমাদের ভিডিও দেখেন। সকলকে এই ফর্মেটে কাজ করার আহ্বান জানাচ্ছি। এসময় দৈনিক সুনামগঞ্জের খবরের ডিজিটাল মাধ্যম কীভাবে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে তা নিয়ে আলোচনা করেন তিনি।

স্টাফ রিপোর্টার সোহানুর রহমান সোহান বলেন, আমি যতদিন ধরে কাজ করছি, ততদিন ধরেই শিখছি। খুব কাছে থেকে দেখছি, সততা নিয়ে কী চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করছে পত্রিকাটি।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের শান্তিগঞ্জ অফিস প্রধান কাজী জমিরুল ইসলাম মমতাজ বলেন, শান্তিগঞ্জ সংবাদের সম্ভাবনাময় স্থান হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে। আমরা তিনজন কাজ করছি। আমাদের সকলের চেষ্টা থাকবে ভালো কাজ করা। শান্তিগঞ্জ প্রতিনিধি সোহেল তালুকদার ও ইয়াকুব শাহরিয়ার দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশের পর সংবাদ সফলতাও তুলে ধরেন।
জামালগঞ্জ প্রতিনিধি মো. ওয়ালিউল্লাহ সরকার বলেন, মানের দিক থেকে দৈনিক সুনামগঞ্জের খবর এই অঞ্চলের প্রথম সারির প্রধান খবরের কাগজ। আমাদের দাবি থাকবে, পত্রিকাটি যেনো রঙিন কাগজে ছাপা হয়। তিনি বলেন, দৈনিক সুনামগঞ্জের খবর সকলের হৃদয়ে পৌঁছে গেছে।

শাল্লা উপজেলা প্রতিনিধি পিসি দাশ বলেন, বলতে পারেন দৈনিক সুনামগঞ্জের খবরের অর্জন ১১০ শতাংশ। এই অঞ্চলে দৈনিক সুনামগঞ্জের খবর আঁধারে চাঁদের আলোর মতো উজ্জ্বল। সংবাদ, সেটআপ আর সার্বিক মানের দিক থেকে এ পত্রিকাটিকে যে কোনো ভালো মানের জাতীয় পত্রিকার সাথে তুলনা করা যেতে পারে।
ছাতক প্রতিনিধি বিজয় রায় বলেন, সুনামগঞ্জের খবরের সংবাদের প্রতি মানুষের আস্থা অনেক। পত্রিকায় প্রকাশিত সংবাদের খুব একটা প্রতিবাদ ছাপাতে হয় না। সুনামগঞ্জের প্রতিটি প্রতিনিধি স্বাধীনভাবে কাজ করেন। প্রতিদিনই কাজ শিখেন। সুনামগঞ্জের খবরে কাজ করতে গর্রবোধ করি আমি।
দৈনিক সুনামগঞ্জের খবরের বিশ্বম্ভরপুর প্রতিনিধি স্বপন কুমার বর্মন বলেন, জাতীয় কাগজেও কাজ করি। কিন্তু দৈনিক সুনামগঞ্জের খবরে কাজ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হয়। বিশেষ করে এই পত্রিকার সম্পাদকীয় কলাম অনেক গুরুত্বপূর্ণ ও উন্নতমানের। বিভিন্ন উপজেলার উর্ধ্বতন কর্মকর্তারা পত্রিকাটির সম্পাদকীয়ের ভূয়সী প্রশংসা করেন।

তাহিরপুর উপজেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের উপজেলায় পাঠকরা অন্যান্য পত্রিকার সৌজন্য সংখ্যা পড়েন। কিন্তু দৈনিক সুনামগঞ্জের খবর ৫টাকা দিয়ে কিনে পড়েন। এটা গর্ব করার মতো বিষয়।
মধ্যনগর প্রতিনিধি রাসেল আহমদ বলেন, দৈনিক সুনামগঞ্জের খবরের পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। পত্রিকাটি মানুষের মনের না বলা কথাগুলো বলে। দীর্ঘদিন ধরে পত্রিকাটি মানুষের অধিকার, সমস্যা আর সম্ভাবনা নিয়ে কাজ করে আসছে।
দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি মো. আশিক মিয়া বলেন, সুনামগঞ্জের খবরে কাজ করতে ভালো লাগে। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে গণমাধ্যমে কাজ করতে হয়। কিছুদিন আগে একটা সংবাদের জেরে এক প্রশাসনিক কর্মকর্তা আমার উপর মামলা করতে চেয়েছিলেন। আমি তাতে ভড়কে যায় নি, কারণ আমরা সত্যের পক্ষে থাকছি। সুনামগঞ্জের খবর ভালোবাসার আরেক নাম।

দিরাই প্রতিনিধি আবু হানিফ চৌধুরী বলেন, গণমাধ্যমে অনেকদিন ধরে কাজ করছি। কিন্তু দৈনিক সুনামগঞ্জের খবরে এসে প্রতিদিনই শিখছি। এসময় পত্রিকায় রাজনৈতিক সংবাদ প্রকাশ করার উপর জোর দেন করেন তিনি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন