বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনিয়া খেলবেন ভারতের মাটিতে

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১২:০২

সংগৃহীত ছবি 

ব্রাজিলের পর ভারতীয় ফুটবলপ্রেমীদের সামনে বিশ্বকাপ মাতানো কেপ ভার্দেকে দেখার সুযোগ তৈরি হতে পারে। সবকিছু পরিকল্পনামতো এগোলে আফ্রিকার এই দলটির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে ভারত। ম্যাচে কেপ ভার্দের গোলবারের নিচে দেখা যেতে পারে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক ভোজিনিয়াকেও।

 

 

আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যেই ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ভারত-কেপ ভার্দে ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে এনডিটিভি।

 


পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্রাজিলের মুখোমুখি হওয়ার পরই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে ভারত। ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই ম্যাচটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এখনো দুই পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়নি। ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, কেপ ভার্দের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ আয়োজনের সম্ভাবনা ভালো থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন।

 

 

এবারই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। অভিষেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় আফ্রিকার দলটি। গ্রুপ পর্বে তারকাসমৃদ্ধ স্পেনের বিপক্ষেও দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিল তারা। শেষ পর্যন্ত স্পেন জয় পেলেও কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়ায়।

 

গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষেও ড্র করেছিল কেপ ভার্দে। তবে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচটিই তাদের সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে আসে। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এক পর্যায়ে পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়েছিল তারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে বিশ্বকাপ অভিযান শেষ করতে হয় দলটিকে।

 

 

কেপ ভার্দের বিশ্বকাপ সাফল্যের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৪তম স্থানে থাকা দলটির গোলপোস্টে দাঁড়িয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে বিশ্বজুড়ে প্রশংসা পান তিনি। আর্জেন্টিনার বিপক্ষেও বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন এই গোলরক্ষক। স্পেনের বিপক্ষেও তার পারফরম্যান্স ছিল ম্যাচের অন্যতম আলোচিত দিক।

 

 

ফলে ব্রাজিলের পর কেপ ভার্দের মতো বিশ্বকাপের আলোচিত দলের বিপক্ষে ভারতের ম্যাচটি চূড়ান্ত হলে তা দেশটির ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে হবে আরও একটি বড় আকর্ষণ।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার