নতুন মেসির খোঁজে আর্জেন্টিনা, আলোচনায় যে ৪ জন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩১

সংগৃহীত ছবি 

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের অবসান ঘটেছে। রোজারিওর এই মহাতারকার বিদায়ের পর এখন ফুটবল বিশ্বে বড় প্রশ্ন—আর্জেন্টিনায় মেসির উত্তরসূরি কে হবেন? আলোচনা হচ্ছে অনেককে নিয়েই। তবে সবচেয়ে এগিয়ে আছেন ৪ ফুটবলার। 

 


লিওনেল মেসি খেলতেন, অন্যদেরকেও খেলাতেন দারুণ সব পাস দিয়ে। এমন প্রোফাইল ফুটবল ইতিহাসেই ছিল খুব কম ফুটবলারের। হুবহু তার মতো কাউকে যদি পেয়ে যায় আর্জেন্টিনা, তাহলে দেশটাকে পরম ভাগ্যবান বলতেই হবে। তবে সেটা হওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা চলে। কারণ দিয়েগো ম্যারাডোনা চলে যাওয়ার পর মেসিকে পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে অন্তত ১২ বছর। 

 

 

হুবহু মেসির মতো কাউকে পাওয়া না গেলেও তার কাছাকাছি প্রোফাইলের খেলোয়াড় বেশ অনেকেই আছেন আর্জেন্টিনায়। আপাতত তাদেরকেই আর্জেন্টিনার ‘নতুন মেসি’ হয়ে ওঠার মিশনে নামতে হবে।

 

 

১। পাউলো দিবালা— মেসির ক্যারিয়ার যখন মধ্যগগনে, তখন থেকেই পাউলো দিবালা ছিলেন আলোচনায়। বাম পায়ের খেলোয়াড়, রাইট উইংয়ে খেলেন, কাট ইন করে ভেতরে ঢুকতে পছন্দ করেন। লিওনেল মেসির বার্সেলোনার বিপক্ষে ২ গোল করে তাদেরকে বিদায় করে দিয়ে আলোচনাটা আরও জোরালো করে তুলেছিলেন তিনি। 

 

 

তবে ক্যারিয়ারের সোনালী সময়েও আর্জেন্টিনায় ভালোভাবে থিতু হতে পারেননি। দুই বিশ্বকাপ মিলিয়ে খেলেছেন ৪৫ মিনিটেরও কম সময়। ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন না। পরিস্থিতিটা অবশ্য বদলানোর ইঙ্গিত দিচ্ছেন শেষ কিছু দিন ধরে। চলতি মৌসুমে ২ ম্যাচ খেলে গোল পাননি ঠিক, কিন্তু ফিওরেন্তিনার বিপক্ষে ৩ অ্যাসিস্ট করে জানান দিয়েছেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। তাই তার ওপর ভরসাটা রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

 

 

২। নিকো পাজ— নিকোলাস পাজ ২০২৬ বিশ্বকাপের দলে ছিলেন। জর্ডান ম্যাচে খেলেওছেন অনেকোটা সময়। বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি ম্যাচে করেছিলেন গোলও। তরুণ এই প্রতিভাবান ফুটবলার কোমোর হয়ে ১০ নম্বর জার্সি পরে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে বিবেচনা করা হতে পারে নতুন মেসি হিসেবে।

 

 

৩। ফ্রাঙ্কো মাস্তানতুওনো– এক মৌসুম আগে রিয়াল মাদ্রিদে নাম লেখানো ফ্রাঙ্কো মাস্তানতুওনো হতে পারেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’। যদিও ফর্মটা পক্ষে নেই আপাতত। রিয়াল মাদ্রিদ থেকে অপাংক্তেয় হয়ে তিনি পাড়ি জমিয়েছেন ফিওরেন্তিনায়। সেখানে ফর্মটা পুনরুদ্ধার করতে পারলে মেসির শূন্যস্থান পূরণের গুরুদায়িত্বটা পেলেও পেতে পারেন তিনি। 

 

 

৪। ক্লদিও এচেভরি— দিয়াবলিতো নামে পরিচিত এই ফুটবলার ২০২৩ অ-১৭ বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন। ১০ নম্বর জার্সিতে তার ঝলক দেখে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম তো বলেই দিয়েছিল, এই ছেলেই ‘নতুন মেসি’। পাড়ি জমিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। তবে এরপর থেকে হারিয়ে খুঁজছেন নিজেকে। দুই মৌসুমে ধারে খেলেছেন বেয়ার লেভারকুসেন আর জিরোনায়। তা শেষে আবারও ফিরেছেন ম্যানসিটিতে। আপাতত সিটি কোচ এনজো মারেসকার আস্থা অর্জন করতে হবে তাকে। সেটা পেরিয়ে আর্জেন্টিনা দলে আসাটা তার জন্য খানিকটা চ্যালেঞ্জেরই। সে কারণে ‘নতুন মেসি’দের তালিকায় তিনিই আছেন সবার চেয়ে পিছিয়ে। তবে বয়স শেষ হয়ে যায়নি তার। আসছে জানুয়ারিতে ২১-এ পা দেবেন তিনি। দুয়ারটাও তাই একেবারে বন্ধ হয়ে যায়নি এখনই।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার