বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, মঙ্গলবার দেশে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১১:৩৯

সংগৃহীত ছবি 

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির লক্ষ্য হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু উপকূল। এর প্রভাবে আগামী সোমবার উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

 

 

শুক্রবার (২৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, লঘুচাপটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর সম্ভাব্য লক্ষ্যস্থল ভারতের অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূল। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হতে পারে ‘অর্ণব’।

 

 

তিনি আরও বলেন, আগামী সোমবার ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে এর প্রভাব খুব বেশি অনুভূত হওয়ার আশঙ্কা নেই। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজধানীতে বৃষ্টি হতে পারে মঙ্গলবারের দিকে।

 

 

এদিকে দীর্ঘদিন ধরে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাধীন ৫১টি স্টেশনের কোনোটিতেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়াবিদদের মতে, গত এক সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টিহীন পরিস্থিতি বিরাজ করছে দেশের বেশির ভাগ অঞ্চলে।

 

 

আবহাওয়াবিদেরা জানান, গত কয়েক দিনে বঙ্গোপসাগরে ধারাবাহিকভাবে একাধিক লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমা বায়ুর প্রভাব বেশি থাকায় বাতাস সাগরের দিকে প্রবাহিত হচ্ছে। এ কারণে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গেছে।

 

 

অন্যদিকে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়তে শুরু করেছে। দিনের বেলায় গরম অনুভূত হলেও রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ দেখা দিতে শুরু করেছে।

 

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে রাতের তাপমাত্রা নেমে আসে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার