টানা চার দফায় কত কমল স্বর্ণের দাম

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১২:৩১

সংগৃহীত ছবি 

দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ রোববার (২৫ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে চার দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা।

 

 

বাজুসের ঘোষণা অনুযায়ী, নতুন দাম রোববার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

 

এরআগে, গত ১৩ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করে বাজুস। দ্বিতীয় দফায়, ২২ অক্টোবর ভরিপ্রতি দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। তখন নতুন দাম দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

 

 

তৃতীয় দফায়, ২৩ অক্টোবর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয় স্বর্ণের দাম। এতে প্রতি ভরি স্বর্ণের দাম নেমে আসে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। সর্বশেষ চতুর্থ দফায় আজ ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

 

 

সব মিলিয়ে ১৩ অক্টোবরের তুলনায় এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৪৩৯ টাকা কম। স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

 

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

 

 

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৬ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
সূত্র: যুগান্তর .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার