প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২০:০৭
সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরামর্শ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটি।
একইসাথে বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অর্থ বিল হিসেবে বিবেচিত হলে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নিতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে কমিটির দ্বিতীয় বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিলে ত্রুটি থাকলে, তা উল্লেখ করে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সদস্যকে লিখিতভাবে জানানোর সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, শাহজাহান চৌধুরী, মো. নূরুল ইসলাম এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয়। এ সময় সভাপতি কমিটির সদস্যবৃন্দ ও উপস্থিত কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকের সভাপতি ও কমিটির সদস্যবৃন্দের সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনপূর্বক নিশ্চিত করা হয় এবং বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সূত্র:বাসস.কম
জাতীয় থেকে আরো পড়ুন