অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ৬৮% কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১২:১৮

সংগৃহীত ছবি

সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ৫৭ মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৭৯ মিলিমিটার। অন্যদিকে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দু–তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে দু–একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

 

আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এ পূর্বাভাস চূড়ান্ত করা হয়।

 

 

অক্টোবর মাসে দেশের আটটি বিভাগের কোথাও স্বাভাবিক বৃষ্টি হয়নি। সবচেয়ে বেশি বৃষ্টির ঘাটতি ছিল চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে স্বাভাবিক ২১৬ মিলিমিটারের বিপরীতে বৃষ্টি হয়েছে মাত্র ৪২ মিলিমিটার। ঘাটতি ৮০ দশমিক ৬ শতাংশ। ঢাকায় স্বাভাবিক ১৬০ মিলিমিটারের বিপরীতে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার, ঘাটতি ৭৯ দশমিক ৯ শতাংশ। ময়মনসিংহে ৬৯ দশমিক ৮ শতাংশ, রংপুরে ৬৭ শতাংশ, খুলনায় ৬৫ দশমিক ৯ শতাংশ এবং সিলেটে ৫৮ দশমিক ৩ শতাংশ বৃষ্টির ঘাটতি ছিল। রাজশাহী ও বরিশাল বিভাগেও স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ৩০ দশমিক ৮ ও ৪১ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

 

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, ময়মনসিংহে ১০ থেকে ১৫, চট্টগ্রামে ৩৫ থেকে ৪০, সিলেটে ১৫ থেকে ২৫, রাজশাহীতে ১০ থেকে ১৫, রংপুরে ৪ থেকে ৮, খুলনায় ১৫ থেকে ২৫ এবং বরিশালে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

 

 

নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

 

এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্বাভাবিক প্রবাহে থাকতে পারে।

 

অক্টোবর মাসের আবহাওয়া পর্যালোচনায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়। এ মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হয়। এর একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি হয়েছিল। অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে এবং সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।

সূত্র: প্রথম আলো.কম

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার